মা মরা শিশুটিকে (৯) নিজের জিম্মায় রাখবেন। এ জন্য শিশুটির বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ এনে স্কুলের একটি কক্ষে আটকে রেখে বেদম পিটিয়ে তাঁদের পুলিশে সোপর্দ করেন এক স্কুলশিক্ষিকা।
ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মো. শাহজাহান। সোমবার বেলা দুইটার দিকে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
ওই স্কুলশিক্ষিকা ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের এক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তবে তিনি বসবাস করেন ফরিদপুর শহরে।
পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, এ–সংক্রান্ত ভিডিও ফুটেজে যেসব বক্তব্য রয়েছে তার মধ্যে একটি হলো ‘আজ রেজিস্ট্রি করে দিয়ে যাবি, তোর মেয়েকে ম্যাডামের কাছে রাখবি।’ তিনি বলেন, এ থেকে বোঝা যায় যাঁরা সেদিন ওই বাবা ও ভাইকে আটকে নির্যাতন করেছেন, তাঁরা ওই শিক্ষিকার পরিচিত এবং তাঁর ইঙ্গিতেই ওই ঘটনা ঘটিয়েছেন। বাবা ও ভাইকে মাইনাস করে শিশুটিকে নিজের জিম্মায় নেওয়ার জন্য ‘বাবা ও সৎভাই ধর্ষণ করেছে’ প্রচার করে এলাকাবাসীকে উত্তেজিত করে তাঁদের ওপর অমানবিক, নির্মম এ নির্যাতন চালানো হয়।
পুলিশ সুপার শাহজাহান বলেন, শিশুটি জন্মের সময় মাকে হারিয়েছে। এ জন্য শিক্ষিকার আদরে তাঁর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। মাঝেমধ্যে ওই শিক্ষিকা বাবা ও ভাইকে না জানিয়ে ওই ছাত্রীকে ফরিদপুরে তাঁর বাসায় এনে রাখতেন। এ বিষয়টি শিশুটির বাবা ও ভাই মেনে নিতে পারেননি। ১৭ মার্চ শিশুটিকে ফিরিয়ে দেওয়ার নাম করে ওই শিক্ষিকা শিশুটির বাবা ও ভাইকে স্কুলে ডেকে আনেন। এরপর এক নারীসহ স্থানীয় কিছু ব্যক্তি তাঁদের একটি কক্ষে আটকে নির্যাতন করেন। নির্যাতনের এই ভিডিও ২৫ মার্চ রাতে ভাইরাল হওয়ায় বিষয়টি সবার নজরে আসে।
এদিকে ২০ মার্চ ওই শিশুর বাবাকে দিয়ে দুটি মামলা করানো হয়। একটি মামলা তাঁকে ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগে ও অপর মামলাটি করা হয় ছেলের বিরুদ্ধে সৎবোনকে ধর্ষণের অভিযোগে।
বাবাকে দিয়ে ছেলের বিরুদ্ধে বোনকে ধর্ষণের অভিযোগের মামলার বিষয়ে পুলিশ সুপার বলেন, ওই শিশু প্রথমে বাবা ও ভাইকে ও পরে বাবাকে বাদ দিয়ে শুধু ভাইয়ের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে। তবে এ মামলা হওয়ার পর শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হলে শিশুটি জানায় তাকে কেউ ধর্ষণ করেনি। পরে আদালতেও শিশুটি একই কথা বলে।
পুলিশ সুপার বলেন, ওই শিশুকে যা শিখিয়ে দেওয়া হয়েছিল, সে তাই বলেছে এবং ক্রমান্বয়ে শেখানো বুলি বলতে বলতে সত্য কথা বলেছে। পুলিশ নিশ্চিত শিশুটি বাবা ও ভাইয়ের দ্বারা যৌন হয়রানির শিকার হয়নি। বরং শিশুটিকে পরিবার থেকে বিচ্ছিন্ন করতে এ নাটক সাজিয়েছেন ওই স্কুলশিক্ষিকা।
ওই শিশুর বাবা বলেন, ‘ওই স্কুলশিক্ষিকা নিঃসন্তান। তিনি আমার মেয়েকে লোভ-লালসা দিয়ে তাঁর কাছে নিয়ে রাখতে চান। অনেক দিন ধরে এ চেষ্টা করছেন। এর আগেও তিনি আমার মেয়েকে আমাদের না জানিয়ে তাঁর বাসায় নিয়ে গেছেন।’
তবে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষিকা বলেন, শিশুটিকে তিনি ফরিদপুরের বাসায় নিয়ে যাননি। শিশুটি একাই মধুখালী থেকে তাঁর বাসায় চলে যেত। তিনি শিশুটিকে কিছু শিখিয়ে দেননি। ওই শিশুর বাবা ও ভাইকে কারা স্কুলে মেরেছে, তা তাঁর জানা নেই।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, বাবা ও ভাইকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজন বর্তমানে জামিনে রয়েছেন।
এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মনে ওই শিক্ষিকার ব্যাপারে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।
ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, ‘ভিডিওতে মারধরের নির্মমতা দেখে আমি আঁতকে উঠেছি। প্রধান শিক্ষকও আমাকে এ ব্যাপারে কিছু বলেননি।’
ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ১৭ মার্চ তাঁর বিদ্যালয়ে এ–জাতীয় একটি ঘটনা ঘটেছে, তা তিনি তখন জানতেন না। পরে ভিডিও দেখে জানতে পেরেছেন।
মধুখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিনকে আহ্বায়ক করে এবং অপর দুই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসিমা আক্তার ও কানিজ ফাতেমাকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৯ মার্চ এ কমিটি তদন্ত করবে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।