প্রাদেশিক ব্যবস্থা চালু হলে সিলেটকে আলাদা প্রদেশ না রাখলে আন্দোলনের হুঁশিয়ারি

প্রাদেশিক ব্যবস্থা চালু হলে সিলেটকে আলাদা প্রদেশ করার দাবি জানিয়ে মানববন্ধন। বুধবার বিকেলে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
ছবি: প্রথম আলো

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে দেশে প্রাদেশিক ব্যবস্থা চালু হলে সিলেটকে আলাদা প্রদেশ রাখার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলছেন, দেশ বিভাগের সময় সিলেটকে আলাদা প্রদেশ হিসেবে ঘোষণার দাবি প্রবল ছিল। তখন সেটা হয়নি। এখন সংস্কার কমিশনের সুপারিশেও সিলেটের নাম নেই।

আজ বুধবার বিকেল চারটায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ কথা বলেছেন। তাঁরা দেশে প্রাদেশিক ব্যবস্থা চালু হলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা নিয়ে আলাদা প্রদেশ গঠনের দাবি জানিয়েছেন। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কর্মসূচি থেকে দেওয়া হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক তারেক চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ভাষাসংগ্রামী অধ্যক্ষ মো. মাসউদ খান। আয়োজক সংগঠনের অন্যতম সমন্বয়ক এম মহিউদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ আবদুর রকিব।

কর্মসূচিতে অন্যদের মধ্যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রশিদ মসরুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির খান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন, রোটারিয়ান সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শহিদুজ্জামান চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ মো. আবদুল খালিক, আইনজীবী জামাল উদ্দিন, কামরুজ্জামান, গণ অধিকার পরিষদ নেতা আবদুল্লাহ আল মামুন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে ভারতের আসাম প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে সিলেট জেলা তৎকালীন পাকিস্তানে যোগ দিয়েছিল। এটা ছিল ভারতবর্ষের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। দেশ বিভাগের সময় সিলেট জেলায় করিমগঞ্জসহ মোট পাঁচটি মহকুমা ছিল। গণভোটের রায় অনুসারে করিমগঞ্জ বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত থাকার কথা থাকলেও নানামুখী ষড়যন্ত্রের কারণে করিমগঞ্জ এখন ভারতের অংশ। এই হলো সিলেটবাসীর দুর্ভাগ্য। দেশ বিভাগের সময় সিলেটকে একটি পৃথক প্রদেশের মর্যাদা দেওয়ার দাবি, আশ্বাস ও আলোচনা ছিল প্রবল। কিন্তু সে দাবি পাকিস্তান কিংবা বাংলাদেশ আমলে আলোর মুখ দেখেনি।

বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত প্রশাসনিক সংস্কার কমিশন একটি প্রতিবেদন দাখিল করেছে। যেখানে দেশকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা এই চারটি প্রদেশে বিভক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। অথচ সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবি আবারও উপেক্ষিত হয়েছে। তবে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে আলাদাভাবে সিলেট প্রদেশ বাস্তবায়ন করতে হবে। খনিজ সম্পদে ভরপুর ও প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগকে উপেক্ষা করে দেশে প্রদেশ গঠনের পাঁয়তারা সিলেটবাসী মেনে নেবে না।