ঈশ্বরদীতে প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম মেহেদী হোসেন (৩০)। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং কারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নেওয়ার পর চালক মেহেদী হাসানের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার ও অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।