ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের পর ছিনিয়ে নিলেন বিএনপির নেতা-কর্মীরা

হাতকড়া
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাগলা থানার পালের এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাগলা থানা বিএনপির ২৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে মামলা করেছে।

পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাগলা থানার উপপরিদর্শক (এসআই) মদন সিংহের নেতৃত্বে গতকাল রাতে গফরগাঁও উপজেলার চর শাখচূড় গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় একাধিক মামলার আসামি পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর নবী হোসেনকে পালের বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে বিএনপির কয়েক নেতা-কর্মী পুলিশকে ঘেরাও করে। পরে পুলিশের ওপর চড়াও হয়ে হাতকড়া পরানো অবস্থায় নবী হোসেনকে ছিনিয়ে নেন তাঁরা। এ সময় এসআই মদন সিংহ আহত হন।

এ ঘটনায় গতকাল রাতেই বিএনপির ২৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এসআই মদন সিংহ বাদী হয়ে পাগলা থানায় মামলা করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহামেদ বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশের অভিযান চলছে। আহত এসআই মদন সিংহকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।