টেকনাফে রোহিঙ্গা তরুণীসহ গ্রেপ্তার ২, ইয়াবা ও জাল নোট উদ্ধার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা বড়ি, জাল টাকার নোটসহ রোহিঙ্গা এক তরুণী ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ পৌরসভার খানকার ডেইল এলাকায় একটি আস্তানায় অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন রোহিঙ্গা তরুণী কানিজ ফাতেমা (৩১) ও তাঁর সহযোগী নাছির উদ্দিন পিন্টু (২৯)।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই আস্তানায় বসে ইয়াবা বড়ি ও জাল নোট বিক্রির সময় অভিযান চালিয়ে কানিজ ফাতেমা ও তাঁর সহযোগী নাছির উদ্দিন পিন্টুকে আটক করা হয়। এ সময় কোটি টাকা দামের ৯৫ হাজার পিস ইয়াবা, ৮৬ হাজার জাল (নকল) টাকা ও ইয়াবা বিক্রির ৩ লাখ ৮৪ হাজার টাকা জব্দ করা হয়। পরে আটক দুজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় র‍্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম বলেন, কানিজ ফাতেমা ও তাঁর স্বামী জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে ইয়াবা ও জাল টাকা বিক্রির কারবারে জড়িত। র‌্যাব দীর্ঘ সময় ধরে তাঁদের নজরদারিতে রাখে। মঙ্গলবার অভিযান চালিয়ে কানিজ ফাতেমা ও তাঁর সহযোগী নাছির উদ্দিন পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ফাতেমার তিন সহযোগী জয়নাল আবেদীন (৩৭), আবদুল আজিজ (৩১) ও মোহাম্মদ আয়াছ (২৫) পালিয়ে গেছেন।

র‌্যাব-১৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে ইয়াবার চালান দেশে আনার অন্যতম প্রধান কুশীলব হচ্ছেন রোহিঙ্গা তরুণী ফাতেমা ও তাঁর স্বামী জয়নাল। ইয়াবা কারবারের পাশাপাশি তাঁরা জাল টাকার রমরমা ব্যবসাও পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও কৌশলী ফাতেমা বরাবরই ছিলেন ধরা-ছোঁয়ার বাইরে। গ্রেপ্তারের পর ফাতেমা ও পিন্টু র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা চোরাচালান ও জাল নোট বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।