
পটুয়াখালীর বাউফল পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (একাংশের) শংকর পালকে (৪৪) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। আজ রোববার রাত সাড়ে সাতটার দিকে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শংকর পাল বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক আওয়ামী লীগ নেতা শংকর পালকে কুপিয়ে আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।