
ফরিদপুরে মুরগিবাহী পিকআপ ভ্যান, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ফরিদপুর সদরের কোমরপুর এলাকায় মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই তরুণ হলেন ফরিদপুর সদরের ডোমরাকান্দি এলাকার বাসিন্দা আবদুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৮) ও একই এলাকার ইলিয়াস মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৯)। নিহত নজরুল ও রায়হান ইলেকট্রিক মিস্ত্রি এবং তাঁরা পরস্পর বন্ধু। নজরুল প্রায় এক বছর আগে বিয়ে করেছিলেন।
ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা বলেন, পবিত্র শবে কদরের রাতে নামাজ পড়ে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে শিবরামপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে শিবরামপুরের দিকে যাচ্ছিলেন। সামনে থেকে মুরগিবাহী একটি ট্রাক ধাক্কা দিলে তাঁরা সড়কের ওপরে পড়ে যান। পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা এসে তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রায়হানেরও মৃত্যু হয়। এ ঘটনায় আহত অটোরিকশার দুই যাত্রীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে। ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন।