ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মো. দেলোয়ার হোসেন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদেরদী বাজার এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪২)। তিনি কাদেরদী গ্রামের বাসিন্দা ও আমেনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কাদেরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কাদেরদী বাজার এলাকায় একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে আড্ডা দেন তিনি। সেখান থেকে বের হয়ে দোকানের সামনে থাকা গাড়িতে উঠতে গেলে দুই তরুণ ধারালো অস্ত্র দিয়ে দেলোয়ারের মাথা ও বাঁ হাতে কুপিয়ে জখম করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন মুঠোফোনে বলেন, দেলোয়ার দোকান থেকে বের হয়ে গাড়ির দিকে এগোলে দুই তরুণ ছুটে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। পরে দেলোয়ারকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দোলোয়ারকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক রতন সাহা বলেন, দোলোয়ারের মাথায় ধারালো অস্ত্রের তিনটি কোপ রয়েছে। তাঁর বাঁ হাতের দুই আঙুলের রগ কেটে গেছে। মাথার আঘাত গুরুতর না হলেও আঙুলের রগ কেটে যাওয়ায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

দেলোয়ার হোসেনের বন্ধু ব্যবসায়ী মো. আসাদুল করিম জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব বলেন, ব্যবসায়ী দেলোয়ার বেশির ভাগ সময় ঢাকায় থাকলেও তাঁর মা বাড়িতে থাকেন। গতকাল দুপুরে দোলায়ারের মা পুকুরে গোসল করতে গেলে তিন কিশোরের সঙ্গে বচসা হয়। এর মধ্যে এক কিশোর দেলোয়ারের মায়ের মুখে ঘুষি মারে। এ ঘটনা জানার পর দেলোয়ার থানায় জানালে এক কিশোরকে আটক করা হয়। পরে আটক ওই কিশোরের দুই ভাই রুবেল বিশ্বাস (২১) ও মোবারক বিশ্বাস (১৯) দেলোয়ারকে কুপিয়ে জখম করেন। রুবেল ও মোবারককে আটকের চেষ্টা চলছে।