আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে: ফয়জুল করিম

খুলনায় ওলামা সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। সোমবার সৈয়দ ফজলুল করিম রহ. ফাউন্ডেশন মিলনায়তনে
ছবি: সংগৃহীত

চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেছেন, ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকার জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার হত্যা করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাপ্রেমী। তাই যেকোনোভাবে তারা ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে।

সোমবার বিকেলে খুলনার খালিশপুর গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম রহ. ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

মুফতি ফয়জুল করিম বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। দেশে এখন কোথাও কোনো জবাবদিহি নেই। ভেঙে পড়েছে শৃঙ্খলা। বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়নি। তিনি অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান।

সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘দেশ আমাদের, নির্বাচনও আমাদের। সুতরাং আমার দেশের জনগণই সিদ্ধান্ত নেবে নির্বাচন কীভাবে হবে? এখানে বিদেশিদের হস্তক্ষেপ কাম্য নয়।...বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নেই। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। বিদেশিরা আজ বলছে আমাদের সেন্ট মার্টিন দাও, কাল বলবে আমাদের পুরো দেশটাই দিয়ে দাও। তাই একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রয়োজনে সব দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে হবে।’

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি শেখ আবদুল্লাহর সম্মেলনে সভাপতিত্ব করেন। নগর সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইয়াহইয়া ও ইমরান হুসাইনের সঞ্চালনায় ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আবদুল আউয়াল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি গোলামুর রহমান, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মোসতাক আহমেদ, খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।