বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বেলা তিনটার দিকে তাঁকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তার করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস।
এ বিষয়ে সুদীপ দাস বলেন, মহানগরের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় তাঁকে আজ গ্রেপ্তার করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে জানান, আজ বেলা তিনটায় নগরের আরামবাগ এলাকায় জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা শুরু হয়েছে। পরে সন্ধ্যায় ইফতার মাহফিল হবে। এতে প্রধান বক্তা হিসেবে খন্দকার আবদুল মুক্তাদিরের যোগ দেওয়ার কথা ছিল। সে কারণে ঢাকা থেকে বিমানে তিনি সিলেটে ফেরেন। বিমানবন্দর এলাকা থেকেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে।