২৩ দিনের ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খোলা থাকবে আবাসিক হল

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে ৬ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ২৩ দিনের ছুটি থাকবে। তবে গত বছরের মতো এবারও খোলা থাকছে ১৭টি আবাসিক হল। কিন্তু বন্ধ থাকবে হলের ডাইনিংগুলো।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ও প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দা নুসরাত জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শবে কদর, মে দিবস ও বুদ্ধপূর্ণিমাসহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ১৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া ১৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগসমূহ পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন প্রভৃতি যথারীতি চালু থাকবে। অত্যাবশকীয় অফিসসমূহে (উপাচার্য দপ্তর, সহ–উপাচার্য দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, কোষাধ্যক্ষ দপ্তর, জনসংযোগ দপ্তর, প্রক্টর দপ্তর, ছাত্র উপদেষ্টা দপ্তর, আবাসিক হলসমূহ, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, হিসাব অফিস, প্রকৌশল দপ্তর, পরিবহন দপ্তর, স্টুয়ার্ড দপ্তর) ১৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ন্যূনতম প্রয়োজনীয় জনবল রোস্টার ডিউটি পালন করবে। রোস্টার ডিউটির অফিস সময়সূচি হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এ ছাড়া আগামী ৪ মে পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ৭ মে থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।

এদিকে দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাস ছেড়েছেন। তাই ক্যাম্পাসের জনবহুল জায়গাগুলো এখন অনেকটাই ফাঁকা। তবে আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে চাকরিপ্রার্থী কয়েকজন জানিয়েছেন, সামনে বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আছে। এ সময় বাসায় গেলে তাঁদের প্রস্তুতিতে ব্যাঘাত হতে পারে। তাই তাঁদের অনেকে ঈদের ছুটিতে হলেই থাকতে চান।

আবাসিক হল খোলা রাখা ও ডাইনিং বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সৈয়দা নুসরাত জাহান বলেন, ‘প্রাধ্যক্ষ পরিষদের সভায় হল খোলা রাখা ও ডাইনিং বন্ধ রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত বছর ঈদুল আজহায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল খোলা থাকবে। তবে হলের ডাইনিংগুলো বন্ধ থাকবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলো বন্ধ রাখা হতো। তবে গত বছর পবিত্র ঈদুল আজহায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।