
মাদক ও অস্ত্র মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আলোচিত ইউপি সদস্য বজলুর রহমান ওরফে বজলু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
বজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া প্রথম আলোকে জানান, প্রায় সপ্তাহখানেক ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বজলুর রহমান চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বজলুর রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদকব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ ছিল। স্থানীয়ভাবে তিনি বজলু মেম্বার ও ডন বজলু নামে অধিক পরিচিত ছিলেন।
গত বছরের নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশের মৃত্যুর ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক প্রসঙ্গ উঠলে ব্যাপকভাবে আলোচনায় আসেন বজলুর। ১৮ নভেম্বর বিকেলে র্যাব-১–এর একটি দলের অভিযানে চনপাড়ার পূর্বগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। ওই রাতেই র্যাব তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জাল টাকা রাখার অভিযোগে তিনটি মামলা করে। ওই তিন মামলার বাইরেও বজলুরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ২৩টি মামলা ছিল বলে তখন জানিয়েছিল র্যাব।
এর আগে গত সেপ্টেম্বরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে একটি মাদকবিরোধী অভিযানে র্যাবের ওপর হামলার ঘটনায় করা একটি মামলার প্রধান আসামি ছিলেন বজলুর। ১০ নভেম্বর র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাদক ব্যবসায়ী রাশেদুল ইসলাম শাহীন ওরফে সিটি শাহী। তিনি বজলুরের অন্যতম সহযোগী ছিলেন।
গ্রেপ্তার হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন বজলুর। নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন প্রথম আলোকে জানান, বজলুর রহমান নামের ওই আসামি ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ২৩ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ওই দিনই ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। তার পর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।