গাংনীতে জমির দখল নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে পারিবারিক কৃষিজমির দখল নিতে আবদুল আলীম (৪০) নামের এক কৃষককে তাঁর চাচাতো ভাই ও তাঁর লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউপির মোহম্মদপুর গ্রামের পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল আলীম ওই গ্রামের পশ্চিম পাড়ার আবদুল গণির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত খলিলুর রহমানও আহত হয়েছেন। তিনি আবদুল আলীমের চাচা আবুল হোসেনের ছেলে।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল আলীম ও তাঁর চাচতো ভাই খলিলুর রহমানের মধ্যে কৃষিজমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে আবদুল আলীম লোকজন নিয়ে একটি কৃষিজমির দখল নিতে যান। তাঁর চাচাতো ভাই খলিলুর রহমান ও তাঁর লোকজন সেখানে আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে ছিলেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আবদুল আলীমকে হাতুড়ি, লোহার রড ও হাঁসুয়া দিয়ে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান খলিলুর রহমানের লোকজন। সংঘর্ষে আহত খলিলুর রহমানকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।