পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থীদের ভিড়

ঈদের দ্বিতীয় দিনে আজ রোববার পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থীদের ভিড়
ছবি: প্রথম আলো

গতবারের চেয়ে এবার ঈদে ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থী বেড়েছে। ঈদের দিন গতকাল শনিবার ও আজ রোববার দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে পাহাড়পুর বৌদ্ধবিহারে ছুটে এসেছিলেন। নিরাপত্তাব্যবস্থা ভালো থাকায় দর্শনার্থীরা ঘুরতেও স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

নওগাঁর মধ্যে পাহাড়পুরের অবস্থান হলেও জয়পুরহাট শহর থেকে এর দূরত্ব অনেক কম। বিভিন্ন স্থানের লোকজন রেলপথেও জয়পুরহাট এসে পাহাড়পুর বৌদ্ধবিহারে যাচ্ছেন। এবার পাহাড়পুর বৌদ্ধবিহার সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ থাকায় যানজটও নেই। এতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ঈদের ছুটিতে পাহাড়পুর বৌদ্ধবিহার রেকর্ড পরিমাণ দর্শনার্থী আসবে বলে আশা প্রকাশ করেছে পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর কর্তৃপক্ষ।

আজ দুপুরে পাহাড়পুর বৌদ্ধবিহারে গিয়ে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অনেকেই পরিবার–পরিজন, বন্ধুবান্ধব নিয়ে পাহাড়পুর ঘুরতে এসেছেন। এ সময় অনেককে সেলফি তুলতে দেখা যায়। নিরাপত্তাব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীরা পাহাড়পুর বৌদ্ধবিহারের চতুর্দিক ঘুরে ঈদের আনন্দ উপভোগ করছিলেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে পরিবার নিয়ে এসেছেন ব্যাংক কর্মকর্তা শাহিনুর ইসলাম। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলাম। ঈদের আনন্দকে উপভোগ করতে ও খানিকটা স্বস্তি পেতে পাহাড়পুর বৌদ্ধবিহারে এসেছি। পাহাড়পুর বৌদ্ধবিহারের পরিবেশ আমাদের খুব ভালো লেগেছে।’

ঈদের দ্বিতীয় দিনে আজ রোববার পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রবেশ করছেন দর্শনার্থীরা

দিনাজপুরের ফুলবাড়ীর বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ছয়জন বন্ধু ট্রেনযোগে জয়পুরহাট রেলস্টেশনে এসে নেমেছি। সেখান থেকে ইজিবাইকে চড়ে পাহাড়পুর বৌদ্ধবিহারে এসেছি। জয়পুরহাট থেকে পাহাড়পুরের দূরত্ব খুবই কম। আবার যোগাযোগব্যবস্থাও ভালো। পাহাড়পুর বৌদ্ধবিহারে এসে আমরা সবাই খুবই আনন্দ পেয়েছি।’

পাহাড়পুর বৌদ্ধবিহার কাস্টোডিয়ানের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদুল ফিতরের দিনে প্রায় ১৫ হাজার দর্শনার্থীর আগমন ঘটেছিল। এবারের ঈদুল ফিতরের দিন ২১ হাজারের বেশি দর্শনার্থী হয়েছিল। ঈদের দ্বিতীয় দিন আজ রোববার আগের দিনের চেয়ে দর্শনার্থী বেশি হয়েছে। ঈদে পাহাড়পুর বৌদ্ধবিহারে যানবাহনের চাপ থাকত। এ কারণে আগে থেকে পাহাড়পুর এলাকা যানজটমুক্ত রাখার কথা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছিল। তাঁরা ঈদে পাহাড়পুর বৌদ্ধবিহার সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ দেওয়ার সিদ্ধান্ত নেন।

ঈদের দিন থেকেই পাহাড়পুর বৌদ্ধবিহারে ট্রাফিক পুলিশ দেওয়া হয়। এতে পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় আগের ঈদের মতো আর যানজট নেই। দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শন করছেন।

পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম বলেন, ‘গতবারের তুলনায় এবার ঈদে দর্শনার্থী বেড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসেছেন। ট্রাফিক ব্যবস্থা থাকায় এবার যানজট নেই। ঈদের ছুটিতে রেকর্ড পরিমাণ দর্শনার্থী আসবে বলে আশা করছি।’