প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভোলায় একটি কেন্দ্রে জামায়াতের তিন এজেন্ট নিখোঁজের অভিযোগ

ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের নির্বাচনে কিছু অভিযোগের খবর পাওয়া গেছে। বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের একটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত তিন এজেন্টকে আজ বৃহস্পতিবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এ ছাড়া গতকাল বুধবার থেকে দলটির কর্মীদের হুমকি–ধমকি ও মারধরের অভিযোগও উঠেছে।

জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা আমির মাকসুদুর রহমান বলেন, হাসাননগর ইউনিয়নের হাসাননগর সেরাজিয়া দাখিল মাদ্রাসার ১, ২ ও ৩ নম্বর কেন্দ্রের তিন এজেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সকাল সাতটার দিকে কেন্দ্রে যাওয়ার পথে তাঁদের অপহরণ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন হাসাননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সানাউল্লাহর ছেলে মাকসুদুর রহমান, অলিউল্লাহর ছেলে মো. নোমান ও আব্দুল মান্নান।

এ ছাড়া কাচিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। কুতুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মীরা জামায়াতের ভোটারদের ওপর চড়াও হলে সংঘর্ষের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।

অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জাব্বার কলেজ কেন্দ্র থেকে আব্দুল হালিম নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। বেলা ১১টার দিকে কলেজটির পুরুষ কেন্দ্রের ১ নম্বর বুথ থেকে তাঁকে আটক করা হয়।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. জুয়েল রানা বলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হালিম এক ভোটারকে একসঙ্গে দুটি ব্যালট পেপার দেন। বিষয়টি নজরে এলে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। একই কেন্দ্রে ভোটকক্ষে মুঠোফোন নিয়ে প্রবেশ করে ছবি তোলার সময় এক ভোটারকেও আটক করা হয়েছে।

ভোলা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, ভোটারদের অভিযোগের ভিত্তিতে আব্দুল হালিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাঁর স্থলে অন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোলকপুর প্রাথমিক বিদ্যালয় (মাইনার স্কুল) কেন্দ্রে জামায়াত কর্মী আব্বাসের ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরসহ বিএনপির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

ভোলার সদর উপজেলার রতনপুর বাজারসংলগ্ন রতনপুর বিদ্যালয় কেন্দ্রে গরুর গাড়ি প্রতীকের সমর্থক ও আন্দালিভ রহমান পার্থের কর্মীরা হাতপাখা ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক, ভোটার ও এজেন্টদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন—এমন অভিযোগ পাওয়া গেছে। গরুর গাড়ি প্রতীকের কর্মীরা মব তৈরি করে কেন্দ্রের আশপাশে জটলা করে আতঙ্ক সৃষ্টি করছেন বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগও উঠেছে।

ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামিল রহমান বলেন, সব অভিযোগ আমলে নেওয়া হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।