নেত্রকোনায় বন্যা

এক মাস পর বিদ্যালয়ে ফিরল ২ লাখ শিক্ষার্থী

অব্যাহত ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১৬ জুন রাত থেকে জেলায় বন্যা হয়।

স্কুল খোলায় শিক্ষার্থীরা বেশ আনন্দিত। গতকাল কলমাকান্দা ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

নেত্রকোনায় বন্যায় বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয়গুলো দীর্ঘ এক মাস পর গতকাল রোববার পাঠদান শুরু করেছে। এতে সাত শতাধিক বিদ্যালয়ের প্রায় দুই লাখ শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে। মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কাল মঙ্গলবার থেকে।

স্থানীয় বাসিন্দা, বিদ্যালয় ও শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অব্যাহত ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১৬ জুন রাত থেকে জেলায় বন্যা হয়। ঘরবাড়ি, রাস্তাঘাটের পাশাপাশি পানি ঢোকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। এতে ১০টি উপজেলায় সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে যায়। এর মধ্যে আট শতাধিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেন লক্ষাধিক মানুষ। সপ্তাহখানেক পর পানি কিছুটা কমলেও সাত শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পানি না নামায় বাধ্য হয়ে পাঠদান বন্ধ রাখতে হয়। জেলায় ১ হাজার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪ লাখ ৭১ হাজার ৫২৭ জন শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য ১ হাজার ৩১৩ জন প্রধান শিক্ষক ও ৫ হাজার ৯৯৭ জন সহকারী শিক্ষক পাঠদানে নিয়োজিত রয়েছেন।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালিয়াজুরি, মদন, মোহনগঞ্জ ও কলমাকান্দার আংশিক উপজেলা হাওরাঞ্চল। বর্ষা মৌসুমে এমনিতেই ঝুঁকি নিয়ে ওই এলাকার শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে হয়। বন্যার কারণে ঝুঁকি আরও বেড়েছে। বিভিন্ন বিদ্যালয়ের আশপাশে পানি থাকায় অনেক শিক্ষার্থী গতকাল খোলার দিনও অনুপস্থিত ছিল।

কলমাকান্দার বাসাউড়া আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈন্দ্রজিৎ সাহা বলেন, ‘আমাদের বিদ্যালয়টি ১৬ জুন থেকে পানিবন্দী ছিল। দুই দিন আগে পানি নেমেছে। এখনো মাঠে হালকা পানি আছে। রোববার খোলার দিন কিছু শিশু শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত ছিল।’

কলমাকান্দার ডুবিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণি রানী সাহা বলেন, ‘দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর রোববার থেকে স্কুল খোলা হয়েছে। স্কুলে এসে শিক্ষার্থীদের দেখে খুব ভালো লাগছে। এত দিন বিদ্যালয় বন্ধ থাকায় নিরানন্দের মধ্যে কেটেছে। তবে বন্যায় বিদ্যালয়ে আসা–যাওয়ার রাস্তাটি ভাঙাচোরা ও কিছু স্থানে পানি থাকায় ছোট শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম।’

ডুবিয়ারকোনা গ্রামের শিক্ষার্থীর অভিভাবক আনিছুর রহমান বলেন, স্কুল খুলেছে, তবে ছোট বাচ্চাদের এখনো ইস্কুলে পাঠানোর পরিবেশ তৈরি হয়নি। রাস্তায় পানি জমে আছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, এক মাস পর গতকাল সব স্কুল খোলা হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। দুই–এক দিনের মধ্যে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে।