মাদারীপুরে গ্রাম পুলিশের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালকিনি উপজেলার নতুন চরদৌলতখান এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
আহত নুরুল আমিন বাদশা (৫৫) নতুন চরদৌলত খান গ্রামের আদম সরদারের ছেলে। তিনি চর দৌলতখান ইউনিয়নে গ্রাম পুলিশের দফাদার পদে কর্মরত।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন নুরুল আমিন। মাঝপথে নতুন চরদৌলতখান এলাকায় হাতেম সরদারের বাড়ির সামনে তাঁর গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় নুরুল আমিনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাঠানো হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা হতে পারে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল কাজ করছে। এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।