যশোরের অভয়নগরে পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে
যশোরের অভয়নগরে পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে

অভয়নগরে পাচারকালে ৫৬ বস্তা সার জব্দ, একজনের কারাদণ্ড

যশোরের অভয়নগরে পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে। এ সময় আটক একজনকে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। উপজেলার নওয়াপাড়ায় গতকাল রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি অভিযান চালিয়ে এ সার জব্দ এবং সাজা দেন। জব্দ করা সারের মধ্যে রয়েছে ৫০ বস্তা ডিএপি (ডাই–অ্যামেনিয়াম ফসফেট) এবং ৬ বস্তা ইউরিয়া।

যশোরের অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিসিআইসির ৬ বস্তা ইউরিয়া সার আটক করেন।

এরপর রাত সাড়ে নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার নওয়াপাড়ায় জগবাবুর মোড় এলাকায় ইঞ্জিনচালিত ভটভটিবোঝাই বিএডিসির ৫০ বস্তা ডিএপি সার আটক করেন। ওই সার মনিরামপুর উপজেলা থেকে নওয়াপাড়ায় আনা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত ওই সার ও ভটভটি জব্দ করেন। আদালত এ সময় ভটভটিচালক এবং ওই সারের মালিক সাবিরুল মোল্যাকে (২০) ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করেন। সাবিরুল মোল্যা অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান মোল্যার ছেলে।

ওই অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন উপস্থিত ছিলেন। তিনি বলেন, গতকাল রাতে ৫০ বস্তা ডিএপি সার মনিরামপুর থেকে নওয়াপাড়ায় আনার পথে ইঞ্জিনচালিত ভটভটিসহ সার জব্দ করা হয়েছে। এ ছাড়া নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ছয় বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি মূল্যে বিক্রি করে বিক্রির টাকা সরকারের রাজস্ব তহবিলে জমা দেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‌‌‌‘কাগজপত্র ছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮(১) ধারা মোতাবেক ভটভটিচালক ও সারের মালিককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৫০ বস্তা ডিএপি সারসহ ভটভটি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পরিত্যক্ত অবস্থায় ছয় বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।