টাকা লুট
টাকা লুট

সিলেটে বিকাশের টাকা বহনকারী গাড়ি থামিয়ে অর্ধকোটি টাকা লুট

সিলেটে মহানগরের মোগলাবাজার থানার লালমাটিয়া এলাকায় গাড়ি থামিয়ে অর্ধকোটি টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ভুক্তভোগী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের কয়েকজন কর্মকর্তা গাড়িতে করে ফেঞ্চুগঞ্জ উপজেলায় কিছু ব্যবসায়ীকে টাকা দিতে যাচ্ছিলেন। ব্যাংক বন্ধ থাকায় তাঁরা নগদ ৫০ লাখ ৭০ হাজার টাকা বহন করছিলেন। তাঁদের বহনকারী গাড়িটি লালমাটিয়া এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত দেশি অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িটি থামায়। এ সময় তারা গাড়িতে আঘাত করে পাঁচটি কালো সিনথেটিক স্কুলব্যাগে থাকা পুরো টাকা লুট করে নিয়ে যায়।

বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে থাকা সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাছিম হোসাইন প্রথম আলোকে বলেন, অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতেরা টাকা লুট করে নেয়। এ ঘটনায় মহানগরের মোগলাবাজার থানায় অজ্ঞাতনামা ৭ থেকে ৯ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি থেকে সিলেট নগরে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সর্বশেষ গত বুধবার নগরের মীরের ময়দান ও দক্ষিণ সুরমার পিরবাড়ি এলাকায় পৃথক দুটি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। উভয় ঘটনায় দুই নারীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।