খুলনায় প্রিসাইডিং কর্মকর্তাদের সিইসি

দায়িত্ব হালকাভাবে নেবেন না, কর্তৃত্ব প্রয়োগ করতে হলে করুন

খুলনা নগরের বয়রা এলাকায় খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার তোলা
ছবি: প্রথম আলো

নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব প্রিসাইডিং কর্মকর্তাদের। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা অতি প্রয়োজন। ভোটকেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের। দায়িত্ব হালকাভাবে নেবেন না। দায়িত্বপালনকালে কর্তৃত্ব প্রয়োগ করতে হলে করুন।

আজ বুধবার দুপুরে খুলনা নগরের বয়রা এলাকায় খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণকারী প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।

প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্রের লিডার অব দ্য টিম। নিজেদের একা ভাববেন না। কেন্দ্রে সহায়তা করার জন্য আপনার সহকর্মীরা আছেন। পরিস্থিতি বিবেচনায় প্রিসাইডিং কর্মকর্তা চাইলে সাময়িক বা স্থায়ীভাবে ভোট গ্রহণ বন্ধ করতে পারেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা নিজ নিজ অবস্থানে থেকে অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি না, তা তদারকি করবেন, পর্যবেক্ষণ করবেন। যেকোনো মূল্যে কেন্দ্রের ভেতরের শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। কেউ বিশৃঙ্খলা করলে শাস্তির আওতায় আনতে পারবেন।’

সিইসি বলেন, ‘বাধাহীনভাবে ভোটাররা যেন কেন্দ্রে আসতে পারেন। বাধাহীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। ভোটারদের দিকেই তাকাবেন আপনারা। নির্বাচন কমিশনের দায়িত্ব কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়া বা হারিয়ে দেওয়া নয়। কে জিতবে বা কে হারবে, তা নিয়ে কমিশনের কোনো মাথাব্যথা নেই।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কোনোরকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে। মানুষের মধ্যে আস্থা থাকতে হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। আমাদের মূল সাবজেক্টই হচ্ছে ভোটাররা, তাঁরা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারেন।’

ব্রিফিংয়ে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঈনুল হক, খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান প্রমুখ।