আওয়ামী লীগ নেতা গোলাম মাহফুজ চৌধুরী বললেন, ইয়াবা সেবনের ছবিটি তাঁর নয়

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী
ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যাতে এক ব্যক্তিকে ইয়াবা বড়ি সেবন করতে দেখা গেছে। ওই ব্যক্তি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী গোলাম মাহফুজ চৌধুরী বলে জয়পুরহাটের অনেকে দাবি করেছেন।

বিষয়টি নিয়ে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের একাধিক নেতা অস্বস্তি প্রকাশ করেছেন। এরপর গতকাল রাতে গোলাম মাহফুজ চৌধুরী ফেসবুক লাইভে এসে বলেন, ইয়াবা সেবনের ছবিটি তাঁর নয়। তিনি ১০ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত।

কখনো মাদক সেবন করেননি দাবি করে জেলা আওয়ামী লীগের এই নেতা বলেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ছবিটি সুপার এডিট করে ফেসবুকে ছড়ানো হয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন। এ কারণে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা কাজটি করেছেন। তিনিসহ জয়পুরহাট-২ আসনে যাঁরা দলীয় মনোনয়ন চাইছেন, তাঁদের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে ডোপ টেস্ট করানোরও আহ্বান জানিয়েছেন গোলাম মাহফুজ চৌধুরী।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি একটি কক্ষের বিছানার ওপর বসে ঠোঁটে সিগারেট–জাতীয় কিছু একটা ধরে আছেন। তাঁর সামনে ফুলহাতা শার্ট পরা এক ব্যক্তি সাদা কাগজ ধরে নিচে লাইটারে আগুন ধরিয়ে দিচ্ছেন। ছবিটি ফেসবুকে পোস্ট করে অনেকে লিখেছেন, ‘গোলাম মাহফুজ চৌধুরী ইয়াবা সেবন করছেন।’

ছবিটি নিয়ে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে পরপর দুটি স্ট্যাটাস দেন গোলাম মাহফুজ চৌধুরী। এর একটিতে তিনি লিখেছেন, ‘সম্মান ও ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। যাঁরা জনগণের কাছে আমাকে ছোট করার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন, তাঁরা কখনোই সফল হবেন না, ইনশাল্লাহ।’ অন্য পোস্টে গোলাম মাহফুজ চৌধুরী লিখেছেন, ‘আর কত নিচে নামবেন আপনারা! যতই ষড়যন্ত্র করুন না কেন, শেষ রক্ষা হবে না, ইনশাল্লাহ।’

জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, গোলাম মাহফুজ চৌধুরী আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার মেয়র ছিলেন। একসময় তিনি জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদের ঘনিষ্ঠ ছিলেন। হঠাৎ করে গত বছরের মার্চ মাসে একটি অনুষ্ঠানে হুইপ আবু সাঈদ আল মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দেন তিনি।

ওই অনুষ্ঠানে নিজেকে জয়পুরহাট-২ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাঁকে পদ থেকে অব্যাহতির ও দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামী লীগ। তবে কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হাক্কানী প্রথম আলোকে বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া মাদক সেবনের ছবিটি যদি সত্যি গোলাম মাহফুজ চৌধুরীর হয়, তাহলে ঘটনাটি দুঃখজনক। এটি দলের জন্য লজ্জার।

নাম প্রকাশ না করার শর্তে দলটির চারজন নেতা প্রথম আলোকে বলেন, ছবিটি যাচাই করা হোক। যদি গোলাম মাহফুজ চৌধুরীর মাদক সেবনের সত্যতা পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে কেউ যদি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকেন, তবে তাঁকে চিহ্নিত করে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক।