কৃষি বিভাগ বলছে, আবহাওয়ার কারণে বিআর-২৮ জাতের ধান পাকার আগে ব্লাস্ট রোগ দেখা দিতে পারে।
গাইবান্ধার বিভিন্ন এলাকায় বোরো মৌসুমে বিআর-২৮ জাতের ধানে চিটা দেখা দিয়েছে। পাকা ধানের শিষে দানা নেই। এ পরিস্থিতিতে কৃষকেরা অনেকটাই দিশাহারা হয়ে পড়েছেন।
কৃষকেরা বলছেন, বিআর-২৮ জাতের ধান আগেভাগে ঘরে তোলা যায়। তাই অনেক কৃষক এ ধারের চাষ করেছেন। এ জাতের ধান পাকার আগে শিষে চিটা দেখা দিয়েছে। শিষ আছে কিন্তু ধানের দানা নেই। শীষ বাদামি রং ধারণ করেছে।
তবে কৃষি বিভাগ বলছে, আবহাওয়ার কারণে বিআর-২৮ জাতের ধান পাকার আগে ব্লাস্ট রোগ দেখা দিতে পারে। এতে চিন্তিত হওয়ার কারণ নেই। এ বছর বোরোর বাম্পার ফলন হয়েছে। ওই তুলনায় চিটার কারণে ক্ষতি খুবই সামান্য।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ২৮ হাজার ৯৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে ১ লাখ ২৮ হাজার ২০৫ হেক্টরে। লক্ষ্যমাত্রা থেকে ৭৪৫ হেক্টর কম আবাদ হয়েছে। এ বছর ৫ লাখ ৬২ হাজার ৮১৯ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
এসব জমিতে বিআর-২৮, বিআর-৫০, বিআর-৮১–সহ কয়েক জাতের উচ্চফলনশীল ধান চাষ করা হয়েছে। এর মধ্যে জেলার সাতটি উপজেলায় ২২ হেক্টর জমিতে বিআর-২৮ ধান ও বিআর-৮১ জাতের ধানে ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়েছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর একদিকে বিদ্যুৎ সংকটে সেচের পানির অভাব, অন্যদিকে অনাবৃষ্টি। এসব প্রতিকূলতার মধ্যে বোরো ধান চাষ করেন কৃষকেরা। ফলনও গতবারের তুলনায় অনেক ভালো হয়েছে। বিআর-২৮ ধান ও বিআর-৮১ জাতের ধান চলতি সপ্তাহে কাটা শুরু হয়েছে। হঠাৎ ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেয়। তিন–চার দিনের মধ্যেই আক্রান্ত জমির ধানের শিষ নষ্ট হয়ে যাচ্ছে।
পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা গ্রামের কৃষক স্বাধীন মিয়া বলেন, জমিতে একাধিকবার বালাইনাশক দিয়েছেন। তারপরও ধানের শিষ চিটা হয়েছে। তাঁর জমির চার ভাগের এক ভাগ ধান চিটা হয়েছে।
একই উপজেলার কুমারগাড়ি গ্রামের কৃষক আনারুল ইসলাম বলেন, তাঁর ৪ বিঘা জমির মধ্যে ১ বিঘা জমিতে বিআর-৮১ জাতের ধান চাষ করেছেন। ধান পাকার আগেই প্রায় অর্ধেক অংশে শিষ চিটা হয়েছে। শিষ সাদা হয়ে গেছে। এমনিতেই এখন ধানের দাম কম। বাজারে তেমন ক্রেতা নেই। উৎপাদন খরচটাও তোলা যাবে না। একই গ্রামের আরেক কৃষক বলেন, ‘ধারদেনা করে ১ বিঘা জমি আবাদ করেছি। ধানের চিটা দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্ত হব।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে প্রায় ২২ হেক্টর জমিতে এ রোগ পরিলক্ষিত হয়েছে। ফসল রক্ষার্থে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। যে পরিমাণ জমিতে ব্লাস্ট রোগে আক্রমণ হয়েছে, তা খুবই সামান্য। কৃষকদের চিন্তার কোনো কারণ নেই।’