কর্মশালায় কৃষিবিজ্ঞানীরা

জলাশয়ে একই সঙ্গে মাছ ও তরমুজ চাষ করা সম্ভব

আজ বুধবার বরিশালের রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) এই কর্মশালা অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো

বরিশালে ভাসমান বেডে তরমুজ আবাদবিষয়ক এক কর্মশালায় কৃষিবিজ্ঞানীরা বলেছেন, ‘জলাশয়ে একই সঙ্গে মাছ, তরমুজসহ অন্যান্য ফসল আবাদ করা সম্ভব। আমাদের কৃষিবিজ্ঞানীরা সেই প্রযুক্তি উদ্ভাবন করেছেন।’

আজ বুধবার বরিশালের রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) এই কর্মশালা অনুষ্ঠিত হয়।‌‘ভাসমান বেডে সবজি ও মসলা চাষ, গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিমল চন্দ্র কুণ্ডু। এতে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। কর্মমশালায় বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, মো. আলিমুর রহমান, মো. রফিকুল ইসলাম।

ভাসমান চাষকে জনপ্রিয় করার তাগিদ দিয়ে কর্মশালায় কৃষিবিজ্ঞানীরা বলেন, দেশের জনসংখ্যা বাড়লেও চাষের জমি বাড়ছে না, বরং প্রতিবছর কমছে। তাই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনতে হবে। তাই যেসব জায়গা প্রায় সারা বছরই পানিতে ডুবে থাকে, সেসব জায়গা চাষের আওতায় আনতে ভাসমান চাষকে জনপ্রিয় করতে হবে। এসব বেডে মসলাসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা সম্ভব। সে জন্য এ ধরনের আবাদে উদ্যোগী হয়ে কৃষকদের কাজ করতে হবে। তাহলে নিজেদের ভাগ্যের উন্নয়ন হবে। পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, মাদারীপুরের কালকিনি উপজেলার কৃষক আয়নাল পেয়াদা, বরিশালের বানারীপাড়া উপজেলার কৃষক পরিতোষ দাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিমল চন্দ্র কুণ্ডু বলেন, বাংলাদেশের ৭৭টি উপজেলায় ভাসমান কৃষি প্রকল্পের কার্যক্রম চলমান আছে। দেশের জলমগ্ন এলাকাগুলো ফসলের আওতায় আনাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। তা বাস্তবায়নে কৃষকদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করা হচ্ছে। এ ছাড়া ভাসমান কৃষির সম্ভাব্য সমস্যা চিহ্নিত করে এর সমাধান এবং সম্ভাবনাগুলো মাঠ দিবস ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের জানানো হচ্ছে। এতে মাঠপর্যায়ে কৃষকেরা বেশ সুফল পাচ্ছেন।

এ কর্মশালায় বরিশালের বানারীপাড়া, উজিরপুর, আগৈলঝাড়া ও বাবুগঞ্জ, পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ এবং মাদারীপুরের কালকিনি উপজেলার ৮০ জন কৃষক অংশ নেন।

কর্মশালায় ভাসমান কৃষি প্রযুক্তি বিশেষজ্ঞ আলিমুর রহমান বলেন, ‘আমরা বেশ কয়েক বছর ধরে ভাসমান বেডে তরমুজ, মসলা আবাদের বিভিন্ন প্রযুক্তি নিয়ে গবেষণা করে বেশ সফলতা পেয়েছি। এরপর এই প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িযে দেওয়ার কাজ করছি। কৃষকরা এই নতুন প্রযুক্তি ব্যবহার করে বেশ সফলতাও পেয়েছেন। এই প্রযুক্তির সুবিধা হলো বছরে দুবার বিশেষ করে বর্ষা ও ও গ্রীষ্ম মৌসুমে এই বেডে তরমুজ আবদ করা যায়। এতে গড় উৎপাদনও ভালাে। আর ভাসমান বেডে তরমুজ আবাদের ক্ষেত্রে পোকা, মাকড়ের উৎপাতও কম। জৈব কীটনাশক ব্যবহার করায় ব্যয় কম। এতে উৎপাদন ব্যয় কমে যায় । আর কৃষকও পতিত জমি কাজে লাগিয়ে নানাভাবে লাভবান হতে পারেন।