
সোনার মূর্তির কথা বলে গোপনে পিতলের মূর্তি বিক্রি করেন তিনি। নানাভাবে ফাঁদে ফেলে অনেককেই প্রতারিত করেছেন। এমন অভিযোগ পেয়ে নাটোরের সিংড়া উপজেলার পিপলসন গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব দাবি করেছে, রফিকুল ইসলাম (৫০) নামের এই ব্যক্তি ‘মূর্তি প্রতারক’ চক্রের মূল হোতা। র্যাবের এ অভিযানে রফিকুলের স্ত্রী রুপজান বেগমকেও (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
নাটোর র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সিংড়ার চলনবিল এলাকায় সোনার তৈরি মূর্তির কথা বলে পিতলের তৈরি মূর্তি বিক্রির একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় আছে। র্যাব এই মূর্তিসহ প্রতারক চক্রের কিছু সদস্যকে এর আগে গ্রেপ্তার করে। কিন্তু চক্রের মূল হোতা রফিকুল ইসলাম ধরাছোঁয়ার বাইরে থেকে যান। গতকাল রাতে তিনি স্ত্রীর সঙ্গে দেখা করতে এলে র্যাবের ফাঁদে ধরা পড়েন। সিংড়ার পিপলসন এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে ও তাঁর স্ত্রী রুপজান বেগমকে র্যাব গ্রেপ্তার করে। রাতেই তাঁদের সিংড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২১ নভেম্বর এক ব্যক্তির করা প্রতারণা মামলায় আজ সকালে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
নাটোর র্যাব ক্যাম্পের অধিনায়ক ফরহাদ হোসেন বলেন, চলনবিলের মূর্তি প্রতারক চক্রের মূল হোতা রফিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন। তাঁকে ধরার জন্য গোয়েন্দা কার্যক্রম চালায় র্যাব। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।
র্যাব জানিয়েছে, সর্বশেষ ২১ নভেম্বর পিপলসন গ্রাম থেকে একটি নকল সোনার মূর্তিসহ রফিকুলের চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। জেলার লালপুর উপজেলার সালামপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এই চক্রের কাছ থেকে তরিকুল আড়াই লাখ টাকার বিনিময়ে একটি নকল স্বর্ণের মূর্তি কেনেন। পরে পরীক্ষা করে তা পিতলের বলে জানতে পারেন তিনি। এরপর তিনি বাদী হয়ে সিংড়া থানায় প্রতারণার মামলা করেন।