তাড়াশে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটির বড়বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানচালক নাটোরের গুরুদাসপুর উপজেলার দত্তকানাই গ্রামের মৃত আবদুল করিমের ছেলে কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।

পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোর থেকে মহিষলুটি মৎস্য আড়তে মাছ বিক্রির জন্য আসার সময় মহিষলুটি এলাকার বড়বিল নামক স্থানে পিকআপ ভ্যানটি বিকল হয়ে পড়ে। চালক কিরণ মৃধা গাড়ি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। দুজনে মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় দ্রুতগতির একটি যানবাহন তাঁদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।