
বাগেরহাটের মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গালিগালাজ ও হেনস্তার অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে মোংলা পৌরসভার সামনে ‘পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিএনপির একাংশ।
মানববন্ধনে অংশ নেওয়া বিএনপি নেতারা অভিযোগ করেন, ১৭ জুন রাতে ওসি আতিকুর রহমান মদ্যপ অবস্থায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অশালীন ভাষায় গালমন্দ করেন এবং কয়েকজনকে লাঞ্ছিত করেন। তাঁদের দাবি, ওই সময় ওসি নিজেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে কটূক্তি করেন।
মানববন্ধনে মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি সাহেব আলী মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুরুদ্দিন টুটুল, পৌর তাঁতী দলের সদস্যসচিব আজিজুর রহমান, যুবদল নেতা রতন মাহমুদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে ওসি আতিকুর রহমানকে প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
তবে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওসি মো. আতিকুর রহমান। তিনি বলেন, পুলিশের নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো মহলের স্বার্থে আঘাত লাগায় ব্যক্তিগত আক্রোশ থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।