লালমনিরহাটের কালীগঞ্জের দুর্গম চর শৌলমারী। এই চরের একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পড়ান সত্তোরোর্ধ্ব এক ব্যক্তি। এ জন্য তিনি কোনো বেতন নেন না।

লালমনিরহাটের কালীগঞ্জের তিস্তাপারের দুর্গম শৌলমারীর চর। এই চরে মাত্র একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়। এখানে বেশির ভাগ শিক্ষার্থীই দরিদ্র পরিবারের সন্তান। বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি। এখানে একজন ইংরেজি শিক্ষক থাকলেও তিনি নিয়মিত আসতে পারেন না। তাই ওই বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের পাঠদান করেন শিক্ষানুরাগী এক ব্যক্তি। তাঁর পাঠদানের আন্তরিকতায় মুগ্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা। বেতন–ভাতা ছাড়াই ১৫ বছর ধরে তিনি এ বিদ্যালয়ে পাঠদান করছেন।
বিনা বেতনের এই শিক্ষক এক দিনও বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন না। সবার আগে আসেন, বিদ্যালয় ছুটি হওয়ার পর সবার শেষে যান। চরের শিক্ষার্থীদের জীবন শিক্ষার আলোয় আলোকিত করতে নিবেদিত এই মহান শিক্ষকের নাম মোসলেম উদ্দিন (৭৮)। তিনি শৌলমারী চরের নদী ও জীবন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০০৮ সাল থেকে পাঠদান করে আসছেন।
চোখে চশমা, হাতে ঘড়ি, সাদা রঙের পায়জামা আর পাঞ্জাবির সঙ্গে কালো রঙের কোট পরা সাদা শ্মশ্রুমণ্ডিত হালকা–পাতলা গড়নের মানুষ মোসলেম উদ্দিন। তাঁর সম্পদ বলতে দুই বিঘা জমি ছাড়া কিছু নেই। দুই ছেলে আছেন। তাঁরা বিয়ে করে আলাদা থাকেন। স্ত্রী বেনোয়ারা বেগমকে নিয়ে সুখ–দুঃখের জীবন মোসলেম উদ্দিনের।
বেনোয়ারা বেগম বলেন, উনি (মোসলেম উদ্দিন) সকালে স্কুলে যান, বিকেলে বাড়িত আসেন। ঝড়বৃষ্টি কোনো কিছুই ওনাকে বাড়িতে আটকে রাখতে পারে না। কীভাবে সংসার চলে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামান্য জমির আবাদ আর টুকটাক টিউশনি করি যা পাওয়া যায়, তাই দিয়া চলি। ওনাক সবাই মোসলেম উদ্দিন স্যার কয়া ডাকে। তাতেই উনি খুশি। খুশি আমরাও।’
সপ্তম শ্রেণির ছাত্রী মোরশালিনা আক্তার, আশা মনি, সুমাইয়া আক্তার ও আল্পনা আক্তার বলে, ‘মোসলেম উদ্দিন স্যার সুন্দর করে ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পড়ান। আমরা না বুঝতে পারলে আবার পড়ান, কখনো রাগ করেন না। উনি তো চাকরি করেন না, মনের টানে স্কুলে আসেন, উনি আমাদের দাদুর মতো।’
নদী ও জীবন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, ওনার মতো (মোসলেম উদ্দিনের মতো) সাদা মনের মানুষ এখন আর বেশি নেই। উনি স্বেচ্ছায় যেভাবে স্কুলে পড়ান, তার কোনো তুলনা নেই।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের হোসেন বলেন, ‘আমি নদী ও জীবন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ওনাকে (মোসলেম উদ্দিনকে) দেখে প্রথমে মনে করেছিলাম, উনি বোধ হয় কোনো শিক্ষার্থীর অবিভাবক হবেন, কোনো দরকারে এসেছেন। পরে প্রধান শিক্ষক বললেন, উনি স্বেচ্ছায় শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে পাঠদান করেন। আমি এতে খুশি হয়েছি।’
বিদ্যালয় সূত্র জানায়, শৌলমারী চরের ছয় কিলোমিটারের মধ্যে মাধ্যমিক স্তরের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান নদী ও জীবন নিম্নমাধ্যমিক বিদ্যালয়। এই চরে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে একটি শৌলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যটি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে এই দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের অনেকেই চরে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় ঝরে পড়ত। এমন পরিস্থিতিতে এবং এলাকাবাসীর আগ্রহ ও দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের সহায়তায় ২০০৮ সালে নদী ও জীবন নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়টিতে টিনশেডের দুটি ভবন রয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ১৩৯ জন শিক্ষার্থী রয়েছে। এখানে প্রধান শিক্ষকসহ শিক্ষক আছেন নয়জন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, বিদ্যালয়টির পাঠদানের অনুমতি রয়েছে। বিদ্যালয়টির শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্ত হননি। এখানে নয়জন শিক্ষকের মধ্যে চার–পাঁচজন নিয়মিত উপস্থিত হলেও ইংরেজি বিষয়ের শিক্ষক নিয়মিত আসেন না। এ অবস্থায় মোসলেম উদ্দিনই একমাত্র ভরসা, যিনি বিনা বেতনে ১৫ বছর ধরে ইংরেজি বিষয়ে পাঠদান করে যাচ্ছেন। মাহবুবুর রহমান আরও বলেন,তাঁকে প্রতি মাসে বেতন দিতে না পারলেও দুই ঈদের আগে সামান্য কিছু আর্থিক সহায়তা করা হয়, উনি সেটাও নিতে চান না। জোর করে দেওয়া হয়। তাঁর মতো শিক্ষানুরাগী মানুষ বিরল।
সম্প্রতি শৌলমারী চরে গিয়ে মোসলেম উদ্দিনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি জানান, ‘১৯৬৯ সালে লালমনিরহাটের কালীগঞ্জের হাজরানিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হই। গ্রামের বাড়িতে টিউশনি করে সামান্য যে আয় হয়, তা দিয়ে কষ্ট করে চলি। আবার গরিব শিক্ষার্থীদের কাছ থেকে কিছু নিই না।’