
সাভারের আশুলিয়া থানার বিভিন্ন মামলায় আলামত হিসেবে জব্দ করা গাড়ি রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়া থানার (পুরাতন) সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ৮ থেকে ১০টি গাড়ি পুড়ে গেছে।
আশুলিয়া থানার পুলিশ ও ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় আলামত হিসেবে জব্দ করে রাখা গাড়িগুলোর একটির নিচ থেকে আজ বেলা ১১টার দিকে ধোঁয়া বের হতে দেখেন পথচারীরা। দ্রুত সেখান থেকে আগুন অন্যান্য গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার মালখানার (আলামত রক্ষণাবেক্ষণ) দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. আউয়াল হোসেন প্রথম আলোকে বলেন, কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে বেশ কয়েকটি গাড়ি পুড়েছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, আগুনে ১০টির মতো গাড়ি পুড়ে গেছে। পুড়ে যাওয়া গাড়ির অধিকাংশই প্রাইভেট কার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানটি মহাসড়কের পাশে হওয়ায় কারও ফেলে দেওয়া সিগারেট বা এ–জাতীয় কিছু থেকে পড়ে থাকা ঝুট কাপড়ের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।