ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি তোলা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি তোলা

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু, চিকিৎসাধীন ১৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক নারী মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হলো।

এদিকে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে এখনো ডেঙ্গু রোগীদের জন্য পৃথক কোনো ওয়ার্ড চালু করেনি কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল সাতটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।

মারা যাওয়া নারীর নাম চমক ফুল (৬৫)। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া গ্রামের বাসিন্দা। গত ২৭ জুন হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ২৯ জুন তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ১৩ জন রোগী। তাঁদের মধ্যে গতকাল সকাল সাতটা থেকে আজ সকাল সাতটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাতজন হাসপাতালে এসেছেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রেখে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৩ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ১টি শিশু। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৩৩ জন রোগী হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে পুরুষ ৯৭, নারী ২৫ ও শিশু ১১ জন।

হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে ২২ জন, ফেব্রুয়ারিতে ১১ জন, মার্চে ১১ জন, এপ্রিলে ৯ জন, মে মাসে ২০ জন ও জুন মাসে ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফেব্রুয়ারিতে একজন এবং গতকালের একজনসহ জুন মাসে চারজনের মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল বলেন, ডেঙ্গু সারা বছরই থাকে। কিন্তু জুন থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত প্রাদুর্ভাব অনেক বেশি হয়ে থাকে। আপাতত মেডিসিনের বিভিন্ন ওয়ার্ডে রোগীগুলো ভর্তি আছে। রোগী বেড়ে গেলে আলাদা ওয়ার্ড চালু হবে।