
সুনামগঞ্জে সুরমা নদীতে গোসল করতে নেমে ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর রিভার ভিউ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম নাফিস আবরার (২৬)। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গ্রামে। তাঁর বাবার নাম গাউসুল আজম। আজ শনিবার বেলা একটা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
থানা-পুলিশ জানায়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নাফিস আবরার ও তুষার রায় সুনামগঞ্জে তাঁদের এক বন্ধুর আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সন্ধ্যায় সুরমা নদীর রিভার ভিউয়ে বেড়াতে গিয়ে তাঁরা গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতের টানে দুজন পানিতে ভেসে যান। পরে স্থানীয় লোকজন তুষার রায়কে উদ্ধার করতে পারলেও নাফিস নিখোঁজ হন। রাতে ফায়ার সার্ভিসের লোকজন খোঁজ করেও নাফিসের সন্ধান পাননি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন দাস জানান, ডুবুরি দল নাফিসের সন্ধান করছে। নদীতে স্রোত বেশি থাকায় কিছুটা সমস্যা হচ্ছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুজন শিক্ষার্থী মধ্যে একজন এখনো নিখোঁজ। তাঁর সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। নিখোঁজ ছাত্রের পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়েছে।