
বান্দরবান সদর উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শফি নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে গ্রামবাসী শফিকে আটক করে পুলিশে সোপর্দ করে। মো. শফি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে দিনমজুরির কাজ করার জন্য সুয়ালক ইউনিয়নে এসেছিলেন।
পুলিশ জানায়, ওই কিশোরীর বাবা নেই। মা বাইরে কাজে থাকা অবস্থায় ওই কিশোরীকে ধর্ষণ করতেন রোহিঙ্গা শফি। গতকাল রাতে কিশোরীকে একা পেয়ে শফি সেখানে গেলে বাড়ি ঘেরাও করে গ্রামবাসী তাঁকে আটক করে।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আমিনুর রহমান জানান, উখিয়া আশ্রয়শিবিরে শফির স্ত্রী ও তিন সন্তান রয়েছে। পিতৃহীন দরিদ্র কিশোরীকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেন তিনি। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গ্রামবাসী তাঁকে ধরে ফেলে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, কিশোরীর মা বাদী হয়ে রোহিঙ্গা শফির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।