গাবতলীতে বিএনপির পদযাত্রা শুরু, ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

ঢাকার গাবতলী ব্যাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির পদযাত্রা শুরু হয়। এতে ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর ব্রিজ এলাকায় প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে
ছবি: প্রথম আলো

ঢাকার গাবতলী ব্যাসস্ট্যান্ড থেকে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির পদযাত্রা শুরু হয়। এতে ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর ব্রিজ এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা থেকে এমন অবস্থা।

যানজটে আটকে থাকা কয়েকজন ভুক্তভোগী বলেন, গাবতলী থেকে বিএনপির পদযাত্রার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যানজটে আটকে আছেন তাঁরা। এ ছাড়া আরিচাগামী লেনটিতে পরিবহনগুলো চলছে ধীরগতিতে। যানজটে আটকা পড়ে অনেকেই বাস থেকে নেমে হেঁটে রওনা দিচ্ছেন গন্তব্যের উদ্দেশে।

দুপুর ১২টার দিকে প্রাইভেট কারের চালক মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকাগামী লেনে যানজটে আটকে থাকতে হচ্ছে। আরিচাগামী গাড়িগুলোও আস্তে আস্তে চলছে।

ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, গাবলতীতে বিএনপির পদযাত্রার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে আমিনবাজার এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।