
রাজশাহী থেকে আজ রোববার দূরপাল্লা, আন্তজেলা ও উপজেলা রুটে কম বাস চলাচল করছে। যাত্রী না থাকায় বাসের সংখ্যা কমিয়ে দিয়েছেন অনেক বাসমালিক। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক লাফে অনেকটা ভাড়া বেড়ে যাওয়ায় একান্ত জরুরি প্রয়োজন ছাড়া তাঁরা বাসে চড়ছেন না।
রোববার রাজশাহী নগরের ঢাকা বাসস্ট্যান্ড, শহীদ এ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনাল ও ভদ্রা বাস কাউন্টারে গিয়ে এ চিত্র দেখা গেছে। পরিবহনশ্রমিকেরা বলেন, জ্বালানি তেলের দাম গত শুক্রবার রাতে হঠাৎ বাড়িয়ে দেয় সরকার। এর প্রভাবে শনিবার থেকেই সড়কে বাস কম ছিল। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়াও আদায়ের অভিযোগ ছিল। এরপর শনিবার বিকেলে সরকারের সঙ্গে পরিবহনমালিকদের বৈঠকের পর বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত গতকাল সকাল থেকে কার্যকর হয়েছে।
বর্ধিত ভাড়ার তালিকা অনুযায়ী, রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত সাধারণ গণপরিবহনগুলোর টিকিটের দাম ৬০০ থেকে ৭২০ টাকা করা হয়েছে। এসি বাস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। এ ছাড়া আন্তজেলা ও উপজেলা পর্যায়ে কিলোমিটারপ্রতি ২ দশমিক ২০ টাকা বৃদ্ধিতে ভাড়া কাটা হচ্ছে। অর্থাৎ ভাড়া বেড়েছে ২২ শতাংশ পর্যন্ত।
রোববার বিকেলে রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, অনেক বাস দাঁড়িয়ে আছে। কাউন্টারে কিংবা যাত্রীদের বসার স্থানে হাতে গোনা কয়েকজন যাত্রী আছেন। একই চিত্র আন্তজেলা ও উপজেলাগুলোর কাউন্টারে।
ঢাকাগামী গ্রামীণ পরিবহনে বিকেল সাড়ে চারটার দিকে টিকিট কেটে বসেছিলেন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী রাফসাম আমিন। তিনি গত বৃহস্পতিবার গাজীপুর থেকে ৬০০ টাকা দিয়ে রাজশাহীতে এসেছিলেন। ফেরার সময় তাঁকে গুনতে হচ্ছে অতিরিক্ত ১২০ টাকা। রাফসাম বললেন, তাঁর ক্লাস শুরু হয়েছে। ভাড়া বাড়লেও যেতেই হবে।
বিকেলে দেশ ট্রাভেলসের কাউন্টারের সামনে কথা হয় আবির হোসেন নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এক লাফে রাজশাহী থেকে ঢাকায় ১২০ টাকা বেড়ে গেছে। এটা অস্বাভাবিক। মানুষের মাথায় যেন বাজ পড়েছে। এখন এই ভাড়াও কদিন পর না আবার বাড়ে।
শ্যামলী পরিবহনের ব্যবস্থাপক মো. লিটন বলেন, বিকেল থেকে রাত ১০টার মধ্যে কয়েকটি বাস যাবে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে। বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটি বাসের সর্বোচ্চ সাতটির মতো টিকিট বিক্রি হয়েছে। তবু তাঁরা লোকসান দিয়েও বাস চালাবেন।
হানিফ পরিবহন কর্তৃপক্ষ রাজশাহী-ঢাকা রুটে ২৫টির মতো গাড়ি চালিয়েছে। তবে গতকাল ৭টির মতো বাস চলেছে। ব্যবস্থাপক এস এম মঞ্জুর রহমান বলেন, এক লাফে বাসভাড়া ১২০ টাকা বেড়েছে। এটা মানুষ এত সহজে মেনে নেবে না। এ কারণে প্রয়োজন ছাড়া কেউ কোথাও যাচ্ছেন না। তাঁরা যাত্রী কম পেয়ে বাসের সংখ্যা কমিয়েছেন।
এদিকে রাজশাহী নগর থেকে বিভিন্ন জেলা ও উপজেলাগুলোতেও কম বাস চলাচল করেছে। ভদ্রা বাস কাউন্টারের ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, গতকাল অনেক যাত্রী কম ছিল। অনেকে কাউন্টারের এসে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছেন। তাঁরা বোঝানোর চেষ্টা করছেন যে তাঁদেরও কিছুই করার নেই।
রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। একসঙ্গে এত ভাড়া বাড়ায় মানুষ এখন জরুরি কাজ ছাড়া বাসে চড়ছেন না। রাজশাহীতে দূরপাল্লার, জেলা ও উপজেলা পর্যায়ের বাসগুলো কম চলছে। তবে এই পরিস্থিতি কয়েক দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে তাঁর আশা।