হঠাৎ ধোঁয়ায় অসুস্থ হয়ে নার্সিং কলেজের ২৪ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর একটি নার্সিং কলেজের ২৪ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি অবস্থিত তিনটি ভবনে হঠাৎ ধোঁয়া প্রবেশ করলে শ্বাসকষ্টে ভুগে একে একে অসুস্থ হন এই শিক্ষার্থীরা। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের কলাতলা এলাকার জহির–মেহেরুন নার্সিং কলেজে এ ঘটনা ঘটে।

নার্সিং কলেজের কোর্স সমন্বয়ক মো. সজীব উদ্দিন বলেন, কলেজে ১৭০ জন শিক্ষার্থী রয়েছেন। রাত আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ভবনের নিচতলায় ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখেন তাঁরা। এর কিছু পরে অপর দুটি ভবনের দ্বিতীয় তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রছাত্রীরা শ্বাসকষ্ট হচ্ছে বলে জানালে তাৎক্ষণিক তাঁদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের একজন প্রথম বর্ষের শিক্ষার্থী স্বপ্না। তিনি বলেন, ‘আমরা সবাই রুমেই ছিলাম। হঠাৎ করে বাইরে থেকে রুমের মধ্যে ধোঁয়া আসে। তখন আমরা ভাবি হয়তো কেউ কিছু রান্না করতেছে। কিন্তু তার কিছুক্ষণ পরই সবার শ্বাস নিতে কষ্ট হয়। পরে আমাদের হাসপাতালে নিয়ে আসে অন্য ছাত্রছাত্রীরা।’

আরেক শিক্ষার্থী পূর্ণিমা রানী বলেন, তিনি এবং তাঁর সহপাঠী মেহেরুন নেছা হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। নার্সিং কলেজের ঘটনা শুনে সহপাঠীদের উদ্ধার করে হাসপাতালে এনে চিকিৎসা দিতে গিয়ে একপর্য়ায়ে তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁদেরও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পূর্ণিমা বলেন, এ ঘটনায় তাঁদের অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। অন্যদের কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এফ এম আতিকুর রহমান বলেন, সোমবার রাত আটটার দিকে অসুস্থ অবস্থায় শিক্ষার্থীরা হাসপাতালে আসতে থাকেন। ২৪ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা মনে করছেন ‘গণমনস্তাত্ত্বিক রোগে’ এমনটা হয়েছে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে অসুস্থ হতে দেখে অন্যরাও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ সবার চিকিৎসা চলছে। তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি।

জহির–মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা বলেন, হঠাৎ করে কীভাবে তিনটা ভবনে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ল, এটা ভাবার বিষয়। প্রচণ্ড ধোঁয়া ও ঝাঁজালো তেজে শ্বসকষ্ট দেখা দেয়। এটা কারও ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।