শেরপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় ৪ কিশোর গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

শেরপুরে লেবুবাগান থেকে মো. নাইম মিয়া ওরফে লাবন (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে আজ শুক্রবার সকালে সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সকালে গ্রেপ্তার হওয়া দুই কিশোর গতকাল সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার কিশোরেরা সবাই নিহত নাইমের বন্ধু। আজ দুপুরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া সদর থানা ভবনে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান। আদালতে দেওয়া জবানবন্দিতে দুই কিশোর বলে, ‘ড্যান্ডি’ নামে একধরনের মাদক সেবনের পর নাইম ও তার চার বন্ধু নেশাগ্রস্ত হয়ে নিজেদের মধ্যে মারামারি করে। একপর্যায়ে বন্ধুদের মারধরে নাইম মারা যায়।

গত বুধবার দুপুরে উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের সুবর্ণেরচর গ্রামের একটি লেবুবাগান থেকে নাইমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাইম সুবর্ণেরচর গ্রামের মো. মাসুদ রানার ছেলে। সে ঘুঘুরাকান্দি গোপালনগর মডেল একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় নাইমের বাবা মাসুদ রানা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া বলেন, অদালতে দেওয়া জবানবন্দিতে দুই কিশোর জানিয়েছে, গত মঙ্গলবার বিকেলে নাইম সুবর্ণেরচর গ্রামের একটি মাঠে হাডুডু খেলা দেখতে যায়। এরপর মঙ্গলবার রাতে নাইম উপজেলার জঙ্গলদী বাজার থেকে ড্যান্ডি (নেশাজাতীয় দ্রব্য) কিনে তার ওই চার বন্ধুকে নিয়ে গ্রামের একটি লেবুবাগানে যায়। সেখানে ওই পাঁচ কিশোর মাদক সেবন করে। একপর্যায়ে তারা নেশাগ্রস্ত হয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করে। এ সময় ওই চার কিশোরের উপর্যুপুরি মারধরে নাইম ঘটনাস্থলেই মারা যায়। এরপর ওই চার কিশোর সেখান থেকে পালিয়ে যায়।

পরের দিন পুলিশ লেবুবাগান থেকে নাইমের লাশ উদ্ধার করে। এরপর হত্যার ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরে গতকাল সকালে পুলিশ নাইমের দুই বন্ধুকে গ্রেপ্তার করে। ওই দুই কিশোর হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে অন্য দুই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকালে গ্রেপ্তার দুই কিশোরকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান হান্নান মিয়া।