
খুলনার পাইকগাছা উপজেলায় বাড়ির পাশের একটি বিল থেকে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ী গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পাইকগাছা থানার পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত তরুণের নাম অনুপ মণ্ডল (২৫)। তিনি ফুলবাড়ী গ্রামের অনুকূল মণ্ডলের ছেলে। অনুপ পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
দেলুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিপন মণ্ডল প্রথম আলোকে বলেন, গতকাল রোববার রাত নয়টার দিক থেকে নিখোঁজ হন অনুপ। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাঁর সন্ধান পাননি। ভোর পাঁচটার দিকে তাঁর বাড়ির পাশের বিলে অনুপের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশের গলায় ছাড়া শরীরের অন্য কোথাও আর আঘাতের চিহ্ন নেই। পরে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কারা, কেন ও কী কারণে অনুপকে হত্যা করেছে, তা তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা চলছে।