
লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম রুপা আক্তার সামিয়া (১০)।
আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে পৌর শহরের পশ্চিম লক্ষ্মীপুর ইটেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
সামিয়া সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের কামানখোলা এলাকার ফল ব্যবসায়ী মো. সোহেলের মেয়ে। স্থানীয় কামানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল সে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সামিয়া ও তার মা আমেনা বেগম অটোরিকশায় ইটেরপুল এলাকায় যাচ্ছিলেন। ইটেরপুল পৌঁছানোর আগে সামিয়ার ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লাগে। পরে স্থানীয় লোকজন উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, অটোরিকশাচালক ও পরিবারের অসতর্কতার কারণে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশাচালক মানিক হোসেনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সামিয়ার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।