পূর্বধলায় নিষেধাজ্ঞার পরও গরু–ছাগলের হাট বসানোর অভিযোগ

নেত্রকোনা জেলার মানচিত্র
নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার পূর্বধলা উপজেলার পুঁটিকা বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গরু-ছাগলের হাট বসানোর অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে বাজারের ইজারাদার ও বিশকাকুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম মণ্ডল তাঁর লোকজন নিয়ে অবৈধভাবে এই হাট বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ওই দিন বিকেলে উপজেলা প্রশাসন সেখান অভিযান চালায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুঁটিকা বাজারে কয়েক বছর ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে গরু-ছাগলের হাট বসিয়ে আসছে। সপ্তাহে প্রতি সোমবার হাট বসানো হয়। মহলটি ওই হাট থেকে হাসিলের নামে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। অবৈধ এই হাট বন্ধের দাবি জানিয়ে পাশের শ্যামগঞ্জ গরুর হাটের ইজারাদার মো. খোকন মিয়া ৬ জুন জেলা প্রশাসক ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে ৭ জুন ‘অবৈধ হাট বসিয়ে হাসিল আদায়ের অভিযোগ ‘শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গত শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করে একটি সাইনবোর্ড লাগানো হয়।

সাইনবোর্ডে উল্লেখ করা হয় ‘এই বাজারটি পেরিফেরিভুক্ত করার প্রক্রিয়াধীন, সরকারি নির্দেশনা ব্যতীত এখানে গরুর হাট বসানো নিষেধ। কিন্তু সোমবার আবারও সাইনবোর্ডের পাশেই হাট বসানো হয়।  

অভিযোগকারী খোকন মিয়া বলেন, অসাধু প্রক্রিয়া অবলম্বন করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম মণ্ডল কয়েকজন সহযোগী নিয়ে গরুর হাট বাসিয়ে অবৈধ হাসিলের নামে চাঁদা আদায় করছেন। তাঁরা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার গরুর হাট বসিয়ে টাকা আদায় করেছেন। এই অবৈধ হাটের কারণে আমরা শ্যামগঞ্জ বৈধ হাটের ইজারাদারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

জানতে চাইলে আবুল কাশেম মণ্ডল বলেন, ‘বাজারের জায়গাজমি আমারই। আমি হাটের নামে জায়গা লিখে দিয়েছি। প্রশাসন সেখানে সাইনবোর্ড দিয়েছে, সেখানে বাজার বসানো হয়নি। একটু দূরে বসিয়েছি। আর বাজারটি খাস কালেকশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা নিয়মিত ভূমি অফিসের মাধ্যমে খাস কালেকশনের টাকা ব্যাংকে জমা রাখি।’

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে বাজারে অভিযান চালানো হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।