ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে। কিন্তু এখনো আশানুরূপ পর্যটক আসছেন না রাঙামাটিতে। এখন পর্যন্ত আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজের মাত্র ৪০ থেকে ৭০ শতাংশ আগাম কক্ষ বুকিং হয়েছে। অন্যান্য বছর ঈদুল ফিতরের ছুটির আগেই ৮০ থেকে ১০০ শতাংশ কক্ষ বুকিং হয়ে যেত।
পর্যটন খাতের ব্যবসায়ীরা এবার আগাম বুকিং কম হওয়ার কারণ সম্পর্কে বলেন, প্রচণ্ড দাবদাহের কারণে পর্যটকের আগমন ও আগাম কক্ষ বুকিংয়ের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় একটু কম বলে। অথচ গত বছরের সাপ্তাহিক ও বড়দিনের ছুটিতে রাঙামাটি শহর ও সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রে ভ্রমণপিপাসুদের ঢল নামে। রুইলুই পর্যটনকেন্দ্রে রিসোর্ট, কটেজে কক্ষ না পেয়ে শত শত পর্যটক রাস্তা সময় কাটিয়েছেন। তবে এবার ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে কাপ্তাই হ্রদ, রাঙামাটি শহরের বিনোদনকেন্দ্র ও সাজেক রুইলুই পর্যটনকেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে। তাঁদের আশা, ঈদের দিন থেকে আসা শুরু করতে পারেন। এরপর পর্যায়ক্রমে পর্যটকের সংখ্যা বাড়তে পারে।
১৯ এপ্রিল থেকে শবে কদর, সাপ্তাহিক ও ঈদুল ফিতরের ছুটি চলছে। এখন পর্যন্ত রাঙামাটি শহরের আবাসিক হোটেল-মোটেলগুলোতে ৪০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে ৫০ শতাংশ ও বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নে রুইলুই পর্যটনকেন্দ্রে ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। তবে অন্যান্য বছর এ ধরনের ছুটিতে ৮০ থেকে ১০০ শতাংশ বুকিং হয়ে যেত।
রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরে ৫৫টি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে দৈনিক পাঁচ হাজারের বেশি মানুষ থাকতে পারেন। এ ছাড়া রাঙামাটি শহর থেকে একটু দূরে বার্গী রিসোর্ট, রাঙাদ্বীপ রিসোর্ট ও বড়গাঙ রিসোর্টেও কয়েক শত পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। ওই সব আবাসিক হোটেলে এখন পর্যন্ত মাত্র ৪০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়। অন্যদিকে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে দুটি পর্যটন মোটেল ও তিনটি কটেজ রয়েছে। এসব মোটেল-কটেজের ৮৮টি কক্ষ রয়েছে। এসব কক্ষের মধ্যে মাত্র ৫ শতাংশ বুকিং হয়। তবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুইলুই পর্যটনকেন্দ্রে ১১২টি রিসোর্ট-কটেজের মধ্যে মাত্র ৭০ শতাংশ কক্ষ বুকিং হয়।
রুইলুই পর্যটনকেন্দ্রের রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য ছুটির তুলনায় এবার আগাম বুকিং কম হয়েছে। অন্য সময় দুই থেকে তিন দিন ছুটি থাকলে এক সপ্তাহ আগে আমাদের সব রিসোর্ট-কটেজ আগাম বুকিং হয়ে যায়। ঈদুল ফিতর লম্বা ছুটি থাকার পরও এখন মাত্র ৭০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। আমরা মনে করছি, প্রচণ্ড দাবদাহের কারণে মানুষ আগাম বুকিং করেননি। তবে গত দুই দিনের তুলনায় আজকে একটু বুকিংয়ের পরিমাণ বেড়েছে। আমরা আশা করছি গরম একটু কমলে ঈদের দিন থেকে পর্যটক আসতে শুরু করবে।’
রাঙামাটি শহরের আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি মো. মুঈন উদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের হোটেল-মোটেলগুলোতে এখনো অর্ধেকের বেশি কক্ষ খালি রয়েছে। এখন পর্যন্ত মাত্র ৪০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। এখন পর্যন্ত প্রত্যাশা চেয়ে তেমন পর্যটন আসেননি। তবে আশা করছি আগামীকাল (শনিবার) থেকে বুকিং বাড়তে এবং পর্যটকও আশা শুরু করবে।’
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমার দুটি মোটেল ও তিনটি কটেজ রয়েছে। সব মিলিয়ে ৮৮টি কক্ষ রয়েছে। এখন পর্যন্ত ৫০ শতাংশ বুকিং হয়েছে।’ তবে ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিনে মানুষ বাড়বে বলে তিনি জানান।