
ফরিদপুরের বোয়ালমারীতে নলকূপের মাথা চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এই নির্যাতনের ২ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ওই দুই শিশুকে নির্যাতনের অভিযোগে নজরুল শেখ নামের একজনকে আটক করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। নির্যাতনের শিকার ওই দুই শিশু হচ্ছে বোয়ালমারী উপজেলার চাপলডাঙ্গা গ্রামের খাঁ পাড়া এলাকার মিন্টু শেখের ছেলে সুমন শেখ (৯) এবং মুক্তারপুর গ্রামের কৃষক আলীবর শেখের ছেলে সৌরভ আলী (১০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে নাজমুল মেম্বারের ধানের চাতালে নলকূপের মাথা চুরির অভিযোগে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে সুমন ও সৌরভকে নির্যাতন করা হয়। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলতে পারছে না ভুক্তভোগী ওই পরিবার। এমনকি এ ব্যাপারে আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছেন তাঁরা।
নির্যাতনের শিকার সুমন শেখের চাচা মিরাজ শেখ বলেন, ‘মঙ্গলবার গুনবহা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল শেখের ভাইয়ের নলকূপের মাথা চুরি হয়। এ ঘটনায় রাস্তা থেকে সুমন ও সৌরভকে ধরে নিয়ে দুপুরে প্রচণ্ড রোদে পায়ে শিকল পরিয়ে চাতালের মেঝেতে শুইয়ে রেখে নির্যাতন করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে ভয়ে একপর্যায়ে নলকূপ চুরির কথা স্বীকার করে দুই শিশু। এ ঘটনার খবর পেয়ে আমার বাবা সিরাজ শেখ ও সৌরভের বাবা আলীবর শেখ গিয়ে শিশু দুটিকে উদ্ধার করেন। ওই ইউপি সদস্যের ভাই প্রভাবশালী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে কিছু করা যাবে না। তাই তাঁরা অভিযোগ করেননি।’
নির্যাতনের শিকার সুমন শেখ বলে, ‘প্রতিবেশী একজনের সঙ্গে জাম বিক্রির জন্য আমি ও সৌরভ মঙ্গলবার দুপুরে বোয়ালমারী বাজারে যাচ্ছিলাম। এ সময় নাজমুল মেম্বারের ভাই নজরুল ভ্যান থেকে আমাদের নামিয়ে নাজমুলের বাড়ির ধানের চাতালে নিয়ে পা শিকল দিয়ে বেঁধে শুইয়ে রাখেন। এ সময় তাঁরা আমাদের পায়ের তলায় ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করেন। একপর্যায়ে আমাদের দুজনের গলা ফাঁড়া বাঁশ দিয়ে চেপে ধরে রাখেন। ভয়ে আমরা দুজন চুরির কথা স্বীকার করতে বাধ্য হই।’
ওই দুই শিশুকে নির্যাতনের অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মো. নাজমুল শেখের ভাই নজরুল শেখের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ওই দুই শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাপলডাঙ্গা গ্রামের হাসান খন্দকারের মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় শুনেই তিনি কল কেটে দেন।
এ বিষয়ে আজ সন্ধ্যায় গুনবহা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, দুই দিন আগে নাজমুল মেম্বারের ভাইয়ের একটি টিউবওয়েলের মাথা চুরি হয়। মেম্বারের ভাই শিশু দুটিকে ধরে এনেছিলেন, শিকল দিয়ে আটকে রেখেছিলেন। তবে শিশু দুটির ওপর কেমন নির্যাতন করা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি না দেখায় সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন। শিশু দুটির ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তারা চুরি করলেও দেশে থানা–পুলিশ আছে। তাদের কাছে না দিয়ে আইন হাতে তুলে নিয়ে তাঁরা ওই দুই শিশুকে নির্যাতন করেছেন।মোহাম্মদ আবদুল ওহাব, ওসি, বোয়ালমারী থানা, ফরিদপুর
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল ওহাব বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন। শিশু দুটির ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তারা চুরি করলেও দেশে থানা–পুলিশ আছে। তাদের কাছে না দিয়ে আইন হাতে তুলে নিয়ে তাঁরা ওই দুই শিশুকে নির্যাতন করেছেন।
আবদুল ওহাব আরও বলেন, এ ঘটনায় বুধবার একজনকে আটক করা হয়েছিল। কিন্তু শিশু দুটির পরিবার কোনো অভিযোগ না দেওয়ায় মামলা হয়নি। ফলে ধর্তব্য অপরাধ সংঘটনের অভিযোগে আটককৃত ব্যক্তিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় অবশ্যই মামলা হবে। ওই শিশু দুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। তবে আপতত তারা এলাকায় নেই।