পিরোজপুরে হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা: বাদীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিল আজ

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে মামলার বাদী মাসুম হাওলাদার। গতকাল দুপুরে পিরোজপুর সদর হাসপাতালে
ছবি: প্রথম আলো

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে করা মামলার বাদী মো. মাসুম হাওলাদারের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দুপুরে পিরোজপুর সদর হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের কনিষ্ঠ পরামর্শক আলী আহমেদ ওই স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আজ বৃহস্পতিবার আদালতে দাখিল করবেন সিভিল সার্জন।

ইন্দুরকানি উপজেলার পত্তাশী গ্রামের বাসিন্দা মো. মাসুম হাওলাদার গত মঙ্গলবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর ১৩ ও ১৫ ধারায় ডিবির পাঁচ সদস্যর বিরুদ্ধে মামলা করেন। বিচারক মোহা. মহিদুজ্জামান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে বাদীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন।

পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি প্রথম আলোকে বলেন, মাসুম হাওলাদার স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে আসেন। এরপর দুপুরে একজন চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। আজ আদালতে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিল করা হবে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, ২০২২ সালের ৩১ আগস্ট রাত আনুমানিক সোয়া ৯টায় ডিবি পুলিশের সদস্যরা সাদাপোশাকে মাসুম হাওলাদারের ঘরে ঢোকেন। এরপর তাঁরা স্ত্রী ও শিশুসন্তানের সামনে তাঁকে কিলঘুষি ও চড়থাপ্পড় মারতে থাকেন। এ সময় তাঁরা মাসুম হাওলাদারের কাছে কী আছে, তা বের করে দিতে বলেন। কিছু নেই বললে ডিবি পুলিশের সদস্যরা তাঁকে আবার মারধর শুরু করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরলে তিনি আঘাতের কারণে কানে শুনতে পাচ্ছিলেন না। এ কথা বলার পর ডিবি পুলিশের সদস্যরা তাঁকে টেনেহিঁচড়ে ঘরের বাইরে নিয়ে যান। এরপর মাটির ওপর রাখা একটি পুঁটলি হাতে নিতে বলেন এবং তাঁকে ওই অবস্থায় সঙ্গে করে নিয়ে যান। এরপর তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠান।

গত বছরের ১৮ অক্টোবর মাসুম হাওলাদার হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে চিকিৎসা নেন। সুস্থ হওয়ার পর তিনি আদালতে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) নূরুল আমীন হাওলাদার, কনস্টেবল মো. রেজওয়ান হাওলাদার, মো. আবদুর রাজ্জাক, মো. মামুন মিয়া ও মো. শাহ জালাল মিয়া।

বাদী মাসুম হাওলাদারের আইনজীবী এম সরোয়ার হোসেন বলেন, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্ত করে আগামী ১১ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন পিরোজপুর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজমিলুর রহমান। মামলার পর তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘বাদী মামুন হাওলাদারকে গাঁজা, ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনার পর তিনি আদালতে নির্যাতনের বিচার চাইতে পারতেন। এত দিন পর মামলা করায় আমরা বিস্মিত।’