
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মো. এনাম (৩০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আজিমনগর মহিষের বাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এনামের বাড়ি ওই এলাকাতেই। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত এনামের স্বজন, পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে অস্ত্রধারী অজ্ঞাতনামা কিছু লোক এনামের বাড়িতে ঢুকে হামলা চালান। স্ত্রী ও দুই সন্তানের সামনে তাঁকে মারধর করা হয়। পরে তিনি প্রতিবেশীর ঘরে খাটের নিচে ঢুকে প্রাণে বাঁচানোর চেষ্টা করেন। সেখানে গিয়ে সন্ত্রাসীরা তাঁর মাথা ও ঘাড়ে দুটি গুলি করে চলে যান। স্বজনেরা উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, এলাকার সন্ত্রাসীদের দুই গ্রুপের বিরোধের কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় কেউ মামলা করতে এলে মামলা নেওয়া হবে।