কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক হতে আগ্রহী ৫০ জন

কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে কথা বলেন খুলনা জেলা ছাত্রলীগের নেতারা। শুক্রবার সন্ধ্যায় কয়রা উপজেলা প্রেসক্লাবে
ছবি: প্রথম আলো

খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে আগ্রহী ৫০ জন। সভাপতি পদে ২১ জন ও সাধারণ সম্পাদক পদে ২৯ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। গতকাল শুক্রবার দিনভর কয়রা উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে খুলনা জেলা ছাত্রলীগের নেতারা প্রার্থীপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নিয়েছেন।

খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভির রহমান ও আপ্যায়নবিষয়ক সম্পাদক শেখ মো. রাসেল জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন। এরপর গতকাল সন্ধ্যায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে তাঁরা কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইমদাদুল হক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

জেলা ছাত্রলীগ নেতা তানভির রহমান বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগে কোনো বিতর্ক রাখতে চাই না। কয়রা উপজেলা ছাত্রলীগের শীর্ষ দুই পদপ্রত্যাশী ৫০ জন আজ জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। শিগগিরই গঠনতান্ত্রিকভাবে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে। এ ছাড়া শনিবার কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনের উপস্থিতিতে কয়রা উপজেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হবে।’

খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন বলেন, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি সংগঠন। ছাত্রলীগ তারাই করবে, যারা শিক্ষিত ও মেধাবী। আমরা কয়রায় মানবিক ছাত্রলীগ গড়তে চাই। দ্রুত সময়ের মধ্যে কয়রায় ছাত্রলীগকে গঠনতান্ত্রিকভাবে ঢেলে সাজানো হবে।’

মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ২৭ মে কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ২০১৯ সালের ২ জুন কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে খুলনা জেলা ছাত্রলীগ। ওই কমিটি কাজ শুরুর ২২ দিনের মাথায় তা বাতিল করা হয়। পরে শরিফুল ইসলামকে সভাপতি ও হাদিউজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর ২০২০ সালের ২ মার্চ একটি সেতু নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়ে সাধারণ সম্পাদক রাসেল মারা যান। এরপর সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন আমিনুল হক।