তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। শনিবার সকাল ১০টা থেকে নিজ নিজ ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতির নির্দেশে রুয়েটের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার আ ফ ম মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. রোকনুজ্জামানের বক্তব্য পাঠানো হয়েছে। তিনি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সভাপতি। তিনি জানিয়েছেন, এবারের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে ২৪ হাজার ৯৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। রুয়েটে ৯৩১, চুয়েটে ১ হাজার ২৩৫ ও কুয়েটে ১ হাজার ৬৫টি আসন রয়েছে। নিজ নিজ ক্যাম্পাসে প্রত্যেক কেন্দ্রে (ক ও খ গ্রুপে)  ৮ হাজার ৩২৬ জন করে পরীক্ষার্থী অংশ নেবেন। যার মধ্যে ক গ্রুপে ২২ হাজার ৮৯২ জন এবং খ গ্রুপে ২ হাজার ৮৮ জন।

মো. রোকনুজ্জামান আরও জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সহযোগিতায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্তÍএবং খ গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অঙ্কনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রুয়েট কেন্দ্রের ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও স্থানীয় ভর্তি কমিটির সদস্যসচিব মো. সেলিম জানিয়েছেন, পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউনলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের হার্ডকপির কালার প্রিন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শুরু হওয়ার পর এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর (ভর্তি কমিটির অনুমোদিত) ছাড়া মুঠোফোন, জ্যামিতি বক্স, স্কেল, সেট স্কয়ার, কম্পাস ও কোনো প্রকার ব্যাগসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না।