ঝালকাঠিতে সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ, সংস্কারের দাবি

ঝালকাঠি পৌরসভার কাঁঠালতলা এলাকায় বেহাল সড়কে কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ এলাকাবাসীর। বুধবার বেলা ১১টায় কাঠপট্টি এলাকায়
ছবি: প্রথম আলো

ঝালকাঠি পৌরসভার কাঁঠালতলা এলাকায় খানাখন্দে ভরা বেহাল সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে পৌর এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী কাঠপট্টি কাঁঠালতলা এলাকার সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

সংক্ষিপ্ত সমাবেশে বাসিন্দারা বলেন, ঝালকাঠি শহরের কাঠপট্টি কাঁঠালতলা সড়কটি খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। বেহাল সড়কে চলাচল করতে স্কুলগামী শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। সম্প্রতি রিকশা থেকে পড়ে স্কুলগামী এক শিক্ষার্থীর হাত ভেঙে গেছে। তাই অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য পৌর মেয়রের প্রতি আহ্বান জানান তাঁরা। অন্যথায় এক সপ্তাহ পর তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ঝালকাঠি পৌরসভার প্রায় ১৬টি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। পৌর কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ না থাকায় এসব সড়কের সংস্কারকাজ করা যাচ্ছে না। বরাদ্দ পেলে শিগগিরই সড়ক সংস্কারের কাজে হাত দেওয়া হবে।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার প্রথম আলোকে বলেন, বরাদ্দ সাপেক্ষে সড়কটি সংস্কার করা হবে।