চকরিয়ায় বাসের ধাক্কায় আহত কলেজছাত্রের মৃত্যু

মোহাম্মদ রাকিব
মোহাম্মদ রাকিব

বাসের ধাক্কায় আহত হয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ রাকিব (১৯)। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজ গেট এলাকায় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

মোহাম্মদ রাকিব ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর গ্রামের মনছুর আলমের ছেলে এবং ডুলাহাজারা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণ রাকিবের মৃত্যুর অন্যতম কারণ।

রাকিবের কয়েকজন সহপাঠী বলেন, দুপুরে কলেজ গেট এলাকায় দ্রুতগতির মারসা পরিবহনের একটি বাস রাকিবকে ধাক্কা দেয়। এতে মাথায় ও বুকে গুরুতর আঘাত পান রাকিব। এ সময় প্রচুর রক্তক্ষরণ হয় তাঁর। পরে রাকিবকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তাঁকে নেওয়া হয়। দুর্ঘটনার পর কলেজের শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করেন। পরে পুলিশ ও শিক্ষকেরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাকসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, মারসা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারীকে আটক করা সম্ভব হয়নি। রাকিবের পরিবার থেকে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।