ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

চন্দ্রায় যানবাহনের চাপ বাড়ছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের ভিড়। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তোলা
ছবি: প্রথম আলো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আজ মঙ্গলবার সকাল থেকে যানবাহনের তেমন কোনো চাপ না থাকলেও সন্ধ্যার পর থেকে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। চন্দ্রা ত্রিমোড়ে রাত ১০টা পর্যন্ত এই চিত্র দেখা গেছে।

সিরাজগঞ্জের বেলকুচি গ্রামের তায়েব আলী বাড়ি যাচ্ছেন। তিনি গাজীপুর মহানগরীর স্পারো গার্মেন্টসে কাজ করেন। তিনি বলেন, ‘আমাদের কারখানা আজ ১০ দিনের ছুটি দিয়েছে। আগামীকাল বুধবার থেকে যানজট আরও বাড়তে শুরু করবে। তাই পরিবার–পরিজন নিয়ে আজই রওনা হয়েছি।’

হাইওয়ে পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস সড়কের ওপর থামিয়ে যাত্রীদের বাসে তোলার জন্য হাঁকডাক দিচ্ছে। আজ দুপুরের পর থেকে গাজীপুর, সাভার ও ঢাকার কিছু সরকারি অফিসগুলো ছুটি হওয়ায় এ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীর চাপ বাড়ার সম্ভাবনা দেখা দিলেও দুপুর পর্যন্ত চন্দ্রা ত্রিমোড় এলাকায় তেমনটি দেখা যায়নি। তবে সন্ধ্যায় যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে।

আজ বিকেলে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় দিয়েই উত্তরবঙ্গের সব জেলার যানবাহন ঢাকায় ঢুকছে আবার বের হচ্ছে। এ মহাসড়কে ঢাকাগামী যানবাহন বেশি ঢুকতে দেখা গেছে। এবারের ঈদে ঘরমুখো মানুষ কম পরিসরে যেতে দেখা গেছে। অনেকে আগেভাগেই বাড়িতে যাওয়ার জন্য চন্দ্রা বাসস্ট্যান্ডে এসে বাসে চড়ে বসেছেন। অনেকে এক-দুইদিন পর এ মহাসড়কে বেশি যানজট হওয়ার শঙ্কায় দুদিন আগেই গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন।

রংপুরগামী হানিফ পরিবহনের যাত্রী আজমল হোসেন জানান, ‘বৃহস্পতিবার এ মহাসড়কে যাত্রীবাহী বাসসংকট দেখা দিতে পারে। তাই আগেই স্ত্রী–সন্তান নিয়ে গ্রামের বাড়িতে রওনা দিয়েছি।’

বগুড়াগামী বিনিময় যাত্রীবাহী বাসচালক সুলতান আহমেদ জানান, বুধবার থেকে যাত্রী বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো শিল্পাঞ্চলে ছুটি হয়নি। বুধবার ও বৃহস্পতিবার ছুটি হলে মহাসড়কে যাত্রীর চাপ কয়েক গুণ বাড়বে।

কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, আজ সারা দিন চন্দ্রায় তেমন চাপ ছিল না। তবে সন্ধ্যার পর থেকে যানবাহন ও মানুষের চাপ বাড়তে শুরু করেছে। যানজট নিরসনে ব্যাপকসংখ্যক পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করতে শুরু করেছে। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন শাখা রোডে পুলিশ মোতায়েন করা হয়েছে।