সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনা

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা তিন পরিবার

সাঁথিয়া থানা–পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করলেও পিকআপের চালককে শনাক্ত করতে পারেনি
ফাইল ছবি

১৫ জুলাই পাবনার সাঁথিয়া উপজেলায় সড়কে প্রাণ হারান তিন স্বজন। পিকআপ ও মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন স্বজনের মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী তিনজন একে অপরের আত্মীয় হলেও তাঁদের প্রত্যেকেরই আলাদা সংসার রয়েছে। নিহত ব্যক্তিদের প্রত্যেকেই ছিলেন আর্থিকভাবে অসচ্ছল। তাঁরাই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ করে পরিবারের কাণ্ডারিকে হারিয়ে ভবিষ্যতের চিন্তায় দিশাহারা হয়ে পড়েছেন তিন পরিবারের সদস্যরা।

ঘটনার দিন দুপুরে পর পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের আবদুল মতিন (৫২) ও তাঁর দুই ভাতিজা জুয়েল মিয়া (৩০) ও মো. সুরুজ্জামান (৩৯) একই মোটরসাইকেলে চড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। জুয়েল মিয়া মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে সাঁথিয়া উপজেলার ছোট পাথাইলহাট এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনই নিহত হন।

নিহত আবদুল মতিন ও সুরুজ্জামান তাঁতশ্রমিক হিসেবে অন্যের অধীনে কাজ করতেন। এতে দিনে তিন থেকে ৪০০ টাকার বেশি আয় হতো না তাঁদের। এই আয়েই কোনোরকমে সংসার চালাতেন তাঁরা। অন্যদিকে জুয়েল মুদিদোকান চালাতেন। তাঁরও আয় খুব বেশি ছিল না। আবদুল মতিনের তিন মেয়ে এক ছেলে, জুয়েলের দুই মেয়ে এক ছেলে ও সুরুজ্জামানের দুই ছেলে রয়েছে।

জুয়েল ও সুরুজ্জামানের চাচাতো ভাই রজব আলী বলেন, ‘খুব কষ্টে তাঁদের সংসার চলত। দুর্ঘটনায় মারা যাওয়ায় পরিবারে আয় করার মতো আর কেউ রইল না। ভবিষ্যতে তাঁদের স্ত্রী-সন্তানদের কীভাবে চলবে, তার উত্তর আমরা কেউই খুঁজে পাচ্ছি না।’

জুয়েল ও সুরুজ্জামানের আরেক চাচাতো ভাই ও মামলার বাদী নজরুল ইসলাম বলেন, ‘আমার চাচা ও চাচাতো ভাইদের স্বজনদের আহাজারি থামছে না। নিহত ব্যক্তিরা খুব সামান্য আয় করলেও তাঁরাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ ঘটনার আমরা উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণ চাই।’

এদিকে দুর্ঘটনার পর তিন দিন পার হয়ে গেলেও ওই পিকআপচালক ও সহকারীকে শনাক্ত করা যায়নি। ঘটনার পর পুলিশ পিকআপটি আটক করলেও এর চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। ১৫ জুলাই রাতেই নিহত জুয়েল ও সুরুজ্জামানের চাচাতো ভাই নজরুল বাদী হয়ে সাঁথিয়া থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। এতে পিকআপের অজ্ঞাত চালক ও সহকারীকে আসামি করা হয়েছে।