লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিএসএফের তিন সদস্যের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিএসএফের তিন সদস্যের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান

লালমনিরহাট সীমান্তে বাগ্‌বিতণ্ডা, স্থানীয়দের প্রতিবাদের মুখে চলে যান বিএসএফের সদস্যরা

লালমনিরহাটের হাতীবান্ধার ভেলাগুড়ি সীমান্তে গরু চরানোকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যের বাগ্‌বিতণ্ডা হয়। এ খবর শুনে স্থানীয় আরও অনেকে ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানালে বিএসএফের সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে বাংলাদেশ অংশ থেকে চলে যান।

পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সদস্যরা বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি সেট উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

গতকাল সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। বিএসএফের অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেওয়া হয়। গতকাল রাতে লালমনিরহাট ১৫ বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ৭৮ বিএসএফের কমান্ড্যান্ট পতাকা বৈঠকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।