পাহাড় থেকে জুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্ত করার ষড়যন্ত্র চলছে: সন্তু লারমা

তিন দিনব্যাপী বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ও চাক্রান উৎসবের উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। আজ সোমবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে
ছবি: সুপ্রিয় চাকমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, পার্বত্য অঞ্চলের স্থায়ী বসবাসরত জুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্ত করার জন্য ষড়যন্ত্র চলছে। ১৩ ভাষাভাষীর ১৪টি জাতির অস্তিত্বকে চিরতরে মুছে দেওয়া জন্য শাসকগোষ্ঠী ষড়যন্ত্র করছে।

আজ সোমবার সকালে তিন দিনব্যাপী বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ও চাক্রান উৎসবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সন্তু লারমা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, ‘পার্বত্য অঞ্চলের যারা প্রকৃত অধিকারী, বসবাসকারী, তাদের উৎখাত করে, বহিরাগতদের জায়গা দিয়ে আমাদের সংখ্যালঘু করে, আমাদের সমাজ-সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে আজকে এ জায়গা থেকে আমাদের বিতাড়িত করতে চায়। পার্বত্য অঞ্চলকে আমাদের পূর্বপুরুষেরা আবাদ করে, প্রাণীর সঙ্গে লড়াই করে প্রতিষ্ঠা করেছিলেন। সেই ভূমি আমরা হারাতে পারি না।’ সন্তু লারমা অভিযোগ করেন, পার্বত্য চুক্তি যাতে বাস্তবায়ন না হতে পারে, সে জন্য নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।

রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ও চাক্রান উৎসব উদ্‌যাপন কমিটি। এতে সভাপতিত্ব করেন পার্বত্য অঞ্চল আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। আলোচনা সভায় বক্তব্য দেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, শিক্ষাবিদ শিশির চাকমা, আইনজীবী ভবতোষ দেওয়ান, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, সুজনের সাধারণ সম্পাদক জিসান বখতেয়ার প্রমুখ।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ–তরুণীদের নৃত্য পরিবেশনা। আজ সোমবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে

এর আগে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। সেখানে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যাসহ সব সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করা হয়। আলোচনা সভা শেষে পৌরসভার ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঐতিহ্যবাহী উবগীত, বাদ্যযন্ত্রসহ কাঁঠালতলি, বনরূপা, হ্যাপির মোড়, নিউমার্কেট ও উত্তর কালিন্দীপুর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি এলাকায় গিয়ে শেষ হয়।

বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ও চাক্রান উৎসবে আজ বিকেলে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যায় হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। কাল মঙ্গলবার উৎসবে থাকবে পাহাড়িদের ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী বুধবার সকালে রাঙামাটি শহরের রাজবন বিহার ঘাটে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের শেষ হবে।

উল্লেখ্য, ১২ এপ্রিল পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ও চাক্রান উৎসব শুরু হবে। ওই দিন চাকমা সম্প্রদায়ের উৎসব শুরু হবে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে। পরদিন পাজনসহ অন্যান্য খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করা হবে। তৃতীয় দিন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পূজা-অর্চনা হবে। সম্প্রদায়ভেদে পাঁচ দিন কিংবা এক সপ্তাহ ধরে চলবে এ উৎসব। ইতিমধ্যে পাহাড়ের বিভিন্ন গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ১৩ এপ্রিল থেকে ত্রিপুরাসহ অন্যান্য জনগোষ্ঠীর মূল উৎসব শুরু হবে।